বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কৃষি শিক্ষার মানোন্নয়নে বাকৃবিতে জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে প্রশিক্ষণ

কৃষি শিক্ষার মানোন্নয়নে বাকৃবিতে জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও রিমোট সেন্সিং বিষয়ে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) এগ্রোমেটিওরোলজি বিভাগের স্ট্যাটিস্টিক্যাল, জিআইএস অ্যান্ড ক্রপ মডেলিং ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের আওতায় ‘ট্রেনিং অন অ্যাডভান্সড লেভেল অব জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং’ শীর্ষক প্রশিক্ষণটি চলবে ৮ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাকৃবির কৃষি অনুষদের যৌথ উদ্যোগে প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা বিভাগের ২০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।‘কৃষি গ্র্যাজুয়েটদের গুণগত মান উন্নয়নে কৃষি শিক্ষার রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণায় জিআইএস ও রিমোট সেন্সিংয়ের উন্নত ব্যবহার, শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং দক্ষ কৃষি গ্র্যাজুয়েট তৈরির বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। হিট প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক মাসুম আহমাদের সভাপতিত্বে ও অধ্যাপক মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক জি. এম. মুজিবর রহমান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক এম. হাম্মাদুর রহমান এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিকল্প নেই। জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে এ ধরনের উন্নত প্রশিক্ষণ শিক্ষক ও গবেষকদের আধুনিক গবেষণায় দক্ষতা বাড়াবে। এর মাধ্যমে বিশ্বমানের কৃষি গ্র্যাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।’

বাকৃবিতে বাউ মিউজিক্যাল রেজিমেন্টের সংগীতসন্ধ্যা 'ফেরা'

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ মিউজিক্যাল রেজিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগীতসন্ধ্যা 'ফেরা'। 'পুরনো পথে নতুন পথ চলা' প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৮টি গান পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল আলোকসজ্জা ও বিভিন্ন খাবারের স্টল।শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।আয়োজকরা জানান, বাউ মিউজিক্যাল রেজিমেন্টের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর নিজেদের উদ্যোগে এটিই প্রথম আয়োজন। সংগঠনটির সদস্যরা এর আগে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করলেও এবারই প্রথম তারা নিজেদের আয়োজনে সংগীতসন্ধ্যার আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের বাইরের দর্শনার্থীরাও অংশ নেন।কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার ভূঁঞা বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের অনুষ্ঠান খুব একটা আয়োজন করা হচ্ছে না। তবে এবারের অনুষ্ঠানটি ছিল সুন্দর ও উপভোগ্য। বিশেষ করে পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দেয়। ক্লাস, প্র্যাকটিক্যাল ও লেখাপড়ার ব্যস্ততার পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়।কৃষি অনুষদের শিক্ষার্থী মো. সিয়ামুজ্জামান সৌরভ বলেন, বাউ মিউজিক্যাল রেজিমেন্ট আয়োজিত 'ফেরা' সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। অনুষ্ঠানের আলোকসজ্জা ও সাজসজ্জা ভালো হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্টল থাকায় অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়েছে। ভবিষ্যতে ক্লাবটি আরও সুন্দর ও বৈচিত্র্যময় অনুষ্ঠান আয়োজন করবে বলে আশা করি।বাউ মিউজিক্যাল রেজিমেন্টের সাধারণ সম্পাদক রিভু কুমার সাহা বলেন, আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ গানের আয়োজন। এই সংগঠনের সদস্যরা আগেও অনেক অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন, কিন্তু এটিই আমাদের নিজেদের আয়োজিত প্রথম অনুষ্ঠান। আজকের আয়োজনের নাম 'ফেরা' কারণ আমাদের গানের পথ সেই পুরনো পথই আছে, কিন্তু নতুনভাবে পথচলা শুরু হয়েছে।

বাকৃবিতে বাউ মিউজিক্যাল রেজিমেন্টের সংগীতসন্ধ্যা 'ফেরা'

বাকৃবিতে ছবি ও শিল্পকর্ম নিয়ে এস্থেটিক-বাউয়ের আয়োজন 'অনুভূতির প্রতিচ্ছবি’

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছবি, শিল্প ও সংস্কৃতিকে ঘিরে ‘অনুভূতির প্রতিচ্ছবি’ শীর্ষক আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সংগঠন এস্থেটিক বাউ। ক্যামেরার ফ্রেমে বন্দি হাজারো মুহূর্ত, রঙ-তুলিতে আঁকা অনুভূতি আর পুরোনো দিনের শৈশবস্মৃতি সকলের সামনে তুলে ধরে সংগঠনটির এই বিশেষ আয়োজন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজন জুড়ে ছিল ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী , যেখানে স্থান পেয়েছে হাতে আঁকা চিত্রকর্ম এবং ক্যামেরায় ধারণ করা নান্দনিক বিভিন্ন মুহূর্তের ছবি। পাশাপাশি পুরোনো দিনের শৈশবস্মৃতি তুলে ধরতে ছিল বায়োস্কোপ, কুঁড়ে ঘর। এছাড়াও আয়োজনের অংশ হিসেবে ছিল খাবার ও প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন স্টল। পরবর্তীতে অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ছিল সংগীত, নৃত্য ও নাটকের সমন্বয়ে সাজানো বৈচিত্র্যময় আয়োজন।আয়োজকদের মতে, মানুষের অনুভূতি ও সৃজনশীলতাকে শিল্পের মাধ্যমে তুলে ধরাই ‘অনুভূতির প্রতিচ্ছবি’ আয়োজনের মূল উদ্দেশ্য। ছবি ও শিল্প প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি নান্দনিক ও আনন্দঘন পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে।আয়োজন উপভোগ করতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিউল রেজন বলেন, এস্থেটিক বাউয়ের এমন আয়োজন সত্যিই আমাদের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে। পুরো সপ্তাহে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস, ল্যাব ও প্র্যাকটিক্যালে ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে এমন একটি আয়োজন আমাদের একটু স্বস্তির সময় দেয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবি, শিল্প ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার সুযোগও হচ্ছে।আয়োজকদের পক্ষ থেকে এস্থেটিক বাউয়ের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ বলেন, আমরা আমাদের ক্যাম্পাসের সবথেকে সেরা সেরা ছবি গুলো এই প্রদর্শনীর জন্য বাছাই করেছি। যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের ছবি এবং সংস্কৃতি নিয়ে দক্ষতা এবং পুরনো দিনের শৈশবস্মৃতি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের থেকে যেই ধরনের সাঁড়া পাচ্ছি এটা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত ভালোলাগার। তারা আমাদের এই প্রদর্শনী সহ পুরো আয়োজন উপভোগ করবে এই প্রচেষ্টা নিয়েই সবাই দিন রাত পরিশ্রম করেছি।

বাকৃবিতে ছবি ও শিল্পকর্ম নিয়ে এস্থেটিক-বাউয়ের আয়োজন 'অনুভূতির প্রতিচ্ছবি’
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream