শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ার উদ্যোগ নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ার উদ্যোগ নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে হবে। পাশাপাশি পাঠচক্র, বই পড়ার প্রতিযোগিতা এবং এ ধরনের অন্যান্য উদ্যোগের মাধ্যমে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বুধবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি এ সভা করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব কথা জানান। তিনি জানান, সভায় লালন উৎসব ও নজরুলবর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিতব্য শীতকালীন সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মন্ত্রণালয়ের গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। সভায় জানানো হয়, আগামী শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো, বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া জুলাই জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংস্কৃতি হাজার বছরের। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা তা হয়তো যথাযথভাবে তুলে ধরতে পারছি না। প্রযুক্তির কল্যাণে আমরা বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছি, নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছি।’ ‘কিন্তু তার মানে এই নয় যে নিজেদের সংস্কৃতি ভুলে যাব। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।’ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখানে উপস্থিত সবারই কোনো না কোনো যোগ্যতা রয়েছে। সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিই, তাহলে আমরা সবাই মিলে যে ধরনের দেশ দেখতে চাই, অন্তত তার কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারব। দেশের জন্য কিছু করার সুযোগ আমাদের রয়েছে। আমরা যেন সেই সুযোগ কাজে লাগাই।’ সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহ দিলেন এমপি মুজিবুর রহমান

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বই পড়া উৎসব-২০২৬’-এর উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞান ও মননশীলতা বিকশিত করার আহ্বান জানান।আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,‘বই হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধু। বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে, চিন্তার জগৎ প্রসারিত হয় এবং ভালো-মন্দ বোঝার ক্ষমতা তৈরি হয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই পড়লেই হবে না,জ্ঞান ও সৃজনশীলতা বাড়াতে বিভিন্ন ধরনের ভালো বই পড়তে হবে।’তিনি আরও বলেন,‘বর্তমানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। তাই অবসর সময় মোবাইলে না কাটিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাদের জ্ঞানী, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই।’সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।সভাপতির বক্তব্যে মো. জিয়াউর রহমান বলেন,‘শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। একটি ভালো বই একজন শিক্ষার্থীর চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। নিয়মিত বই পড়লে জ্ঞান বাড়ার পাশাপাশি ভাষাজ্ঞান, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়।’তিনি বলেন,‘প্রযুক্তির এই সময়ে শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকাটা স্বাভাবিক। কিন্তু প্রযুক্তির ব্যবহার যেন বই পড়ার অভ্যাসকে নষ্ট না করে,সেদিকে সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই শ্রীমঙ্গলের প্রতিটি শিক্ষার্থী বই পড়াকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করুক।’অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬’-এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের জ্ঞান ও সাহিত্যভিত্তিক বই পড়ার সুযোগ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি পাঠাভ্যাস গড়ে তোলা এবং একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।

বই পড়ায় শিক্ষার্থীদের উৎসাহ দিলেন এমপি মুজিবুর রহমান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream