বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন

ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন

বিশ্ব অর্থনীতির বহুমুখী অভিঘাত, মূল্যস্ফীতির লাগামহীন চাপ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি সংকটের আবর্তে বাংলাদেশের প্রান্তিক ও মেহনতি মানুষ এক নীরব লড়াইয়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। রাষ্ট্র যখন একটি বৈষম্যহীন ও ন্যায্যতাভিত্তিক সমাজ নির্মাণের প্রত্যয়ে অগ্রগামী, তখন সাধারণ মানুষের জীবনমানের সুরক্ষা এবং মৌলিক অধিকার সুদৃঢ় করা সর্বাগ্রে প্রয়োজন। এই পটভূমিতে সরকার-প্রবর্তিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এক সুদূরপ্রসারী পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী, কার্ডগুলোর অন্তর্নিহিত লক্ষ্য হলো প্রচলিত সামাজিক নিরাপত্তাবেষ্টনীর জীর্ণ কাঠামোগুলো সংস্কার করে দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙে ফেলা এবং সরাসরি প্রকৃত অংশীজনের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। চলতি জাতীয় বাজেটে এটিকে সরকারের অন্যতম প্রধান ‘সিগনেচার প্রোগ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হলো, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এই জনকল্যাণমুখী প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রান্তিক মানুষকে কতটা সুসংহত সুরক্ষা দিতে পারবে? বাংলাদেশে অতীতে বহু কল্যাণমুখী উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক পক্ষপাত ও দীর্ঘসূত্রতার আবর্তে পড়ে মূল অভীষ্ট থেকে বিচ্যুত হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সেই ত্রুটিপূর্ণ বলয় ভেদ করে একটি আধুনিক ও স্বচ্ছ কল্যাণকাঠামো গড়ে তোলার সাহসী এবং কিছুটা উচ্চাভিলাষী অঙ্গীকার। অতীতে সামাজিক সুরক্ষা কার্যক্রমসমূহ ছিল মূলত জীবনচক্রভিত্তিক। যেমন বয়স্ক ভাতা বা মাতৃত্বকালীন ভাতা। কিন্তু এবারের উদ্যোগের লক্ষ্য দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক নায্যতা প্রতিষ্ঠা, যার সরাসরি সুবিধাভোগী হবে প্রান্তিক জনগোষ্ঠী।  এবারের বাজেট বক্তব্যে সামাজিক সুরক্ষা জালের ব্যাপ্তি সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সুনিশ্চিত করার তাগিদে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে প্রায় ৪১ লাখ নারীকে এই কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যেখানে প্রতিটি খানা বা পরিবারের নারী প্রধানের অনুকূলে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে। এই বিশাল কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পাদনের জন্য বাজেটে প্রায় ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষক কার্ড হলো গ্রামীণ অর্থনীতি ও কৃষির ভিত্তি আরও টেকসই করার চাবিকাঠি। চলতি বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষককে এই কার্ডের বৃত্তে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সার, বীজ, ডিজেল, কীটনাশক ও সেচের ভর্তুকি যখন ডিজিটাল মাধ্যমে কৃষকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে স্থানান্তরিত হবে, তখন উৎপাদন ব্যয় হ্রাস পাবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা কৃষকের শ্রমের অর্জিত ফসল কুক্ষিগত করার সুযোগ থেকে বঞ্চিত হবে। গবেষণা সংস্থা র্যাপিডের (আরএপিআইডি) দারিদ্র্য হ্রাসের মাইক্রো-সিমুলেশন মডেল এবং খানা আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) অনুযায়ী, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে যদি শতভাগ নির্ভুলভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা যায় এবং উল্লিখিত টার্গেট অনুযায়ী বাস্তবায়ন করা যায়, তাহলে দারিদ্র্যের হার উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব। ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা বাস্তবায়িত হলে জাতীয় দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ থেকে ১১.৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব বলে প্রাক্কলন করা যায়। তবে এই প্রাক্কলনের সম্ভাব্যতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর। বাজারদর ও উচ্চ মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি জর্জরিত। এই প্রেক্ষাপটে মাসিক নগদ সহায়তা বা ভর্তুকিযুক্ত কার্ড প্রান্তিক পরিবারগুলোর জন্য একটি কার্যকর প্রতিরোধক বা নিরাপত্তা ঢাল হিসেবে কাজ করে তাদের ন্যূনতম পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পারে। তবে যেকোনো জনকল্যাণমূলক নীতির তাত্ত্বিক উৎকর্ষ শেষ পর্যন্ত নির্ভর করে তার সফল প্রয়োগের ওপর। এই কর্মসূচি থেকে সর্বোচ্চ সুফল আহরণের জন্য জাতীয় বাজেট প্রস্তাবনা এবং অর্থনৈতিক বাস্তবতাপ্রসূত পদক্ষেপ অনুসরণ করা অপরিহার্য। বিশেষ করে নিখুঁত ও রাজনৈতিক প্রভাবমুক্ত ডেটাবেজ প্রণয়ন করাই হবে মূল চ্যালেঞ্জ। অতীতের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার কথা নয় (ইনক্লুশন এরর) এমন মানুষের হার ছিল উদ্বেগজনকভাবে বেশি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ক্ষেত্রে এই ত্রুটির মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। স্থানীয় সামাজিক প্রভাব বা রাজনৈতিক পরিচয়ের প্রভাব সম্পূর্ণ পরিহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) বা বৈজ্ঞানিক মাপকাঠির ভিত্তিতে একটি সর্বাধুনিক ও স্বচ্ছ ডেটাবেজ তৈরি করাই হবে সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ। সমাজকল্যাণ মন্ত্রণালয় চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে দেশজুড়ে কাজ করছে। চলতি বাজেটেও এ ধরনের কঠোর ও মেধার ভিত্তিতে ডিজিটাল যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় সহায়তা বিতরণে কোনো অবস্থাতেই নগদ বা ম্যানুয়াল হস্তান্তরের অবকাশ রাখা যাবে না। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে অর্থ প্রেরণের মধ্য দিয়ে দুর্নীতির সুযোগ সংকোচন করতে হবে। বৃহৎ পরিসরের সামাজিক সুরক্ষার সফল রূপায়ণের জন্য শক্তিশালী তদারকি ও মূল্যায়ন কাঠামো অপরিহার্য। এই ব্যবস্থার স্বরূপ হতে হবে বহুস্তরীয় ও স্বাধীন। সমাজের সব অংশীজনকে বিশেষ করে স্থানীয় তরুণ সমাজ ও কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে একটি স্বাধীন পর্যবেক্ষণ সেল গঠন করা বাঞ্ছনীয়, যারা নিয়মিত মাঠপর্যায়ে কার্যক্রমের গুণগত মান মূল্যায়ন করবে। বরাদ্দকৃত সহায়তা নির্ধারিত সময়ে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে কি না, তা রিয়েল টাইমে পর্যবেক্ষণের জন্য আধুনিক ডেটা অ্যানালিটিকস ও ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করতে হবে। কার্ড প্রাপ্তি বা প্রক্রিয়াকরণে কোনো অনিয়ম কিংবা হয়রানির শিকার হলে নাগরিকেরা যেন তাৎক্ষণিকভাবে প্রতিকার চাইতে পারেন, সে জন্য একটি জবাবদিহিমূলক হটলাইন ও হেল্পডেস্ক ২৪ ঘণ্টা সচল রাখা আবশ্যক। উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রে সামাজিক সুরক্ষা কোনো কৃপা বা সাময়িক অনুকম্পা নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যেমন যুক্তরাষ্ট্রে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (এসএনএপি) মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে অত্যন্ত কঠোর ডিজিটাল মনিটরিংয়ের আওতায় সুনির্দিষ্ট খাদ্যসহায়তার কার্ড প্রদান করা হয়, যা কেবল পুষ্টিকর খাদ্য ক্রয়ে ব্যবহৃত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার মান রাষ্ট্র নিশ্চিত করে, যেখানে প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক প্রোফাইল ও প্রয়োজন রাষ্ট্রের নিখুঁত ডিজিটাল তথ্যের অধীনে পরিচালিত হয়। উন্নত বিশ্বের এই সফল প্রাতিষ্ঠানিক রূপরেখা, জাতীয় বাজেট প্রস্তাবনার আর্থিক সক্ষমতা এবং বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের সুচিন্তিত নীতিগত পরামর্শগুলো সমন্বিত করে আমাদের নিজস্ব আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের একটি আধুনিক মডেল গড়ে তুলতে হবে। সেই সঙ্গে এই প্রকল্পের ব্যয় সংকোচন ও সরকারের অর্থ সাশ্রয়ের জন্য ম্যানুয়াল কার্ডের পরিবর্তে কিউআর কোড–সংবলিত ডিজিটাল কার্ড একটি টেকসই সমাধান হতে পারে। এই বিশাল কর্মসূচি বাস্তবায়নের পথে কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ রয়েছে, যা অগ্রাহ্য করার উপায় নেই। প্রথমত, প্রশাসনিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব মাঠপর্যায়ে কার্ড বণ্টনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। দ্বিতীয়ত, উপকারভোগী নির্ধারণে ডেটাবেজ তৈরির সময় ভুল অন্তর্ভুক্তির পাশাপাশি প্রকৃত যোগ্যদের বাদ পড়ার ঝুঁকি থাকে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে হবে। পাশাপাশি সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে কোনো প্রভাবশালী গোষ্ঠী এই জনকল্যাণমূলক উদ্যোগকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে। প্রাতিষ্ঠানিক সুশাসন ও অডিট প্রক্রিয়ার কঠোর প্রয়োগই এই কর্মসূচির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে পারে। একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের চূড়ান্ত মাপকাঠি নিহিত থাকে তার সাধারণ মানুষের স্বস্তি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড যদি মাঠপর্যায়ে এর প্রকৃত স্পিরিট বজায় রেখে বাস্তবায়িত হয়, তবে তা জাতীয় জীবনে এক বহুমুখী ইতিবাচক রূপান্তর ঘটাবে। প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সরাসরি নগদ অর্থ বা ভর্তুকিযুক্ত পরিষেবা পৌঁছানোর ফলে তাদের ভোগ ব্যয় ও সামগ্রিক কার্যকর চাহিদা বৃদ্ধি পায়। এই বর্ধিত চাহিদা দেশের অভ্যন্তরীণ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খুচরা পণ্যের বাজারকে প্রাণবন্ত করে তোলে। দারিদ্র্য বিমোচনের কাঠামোগত রূপান্তরের এই উদ্যোগ সাময়িক ত্রাণের সংস্কৃতি বা হিতৈষী দৃষ্টিভঙ্গি থেকে সমাজকে মুক্ত করে একটি কাঠামোগত ও মর্যাদাপূর্ণ অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচন করে। ফ্যামিলি কার্ডের আর্থিক সুবিধা পরিবারের নারীপ্রধানের নামে হস্তান্তরিত হলে ঘরে ও বাইরে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি কেবল পারিবারিক কাঠামোটাই বদলে দেবে না, বরং সমাজে নারীর সামগ্রিক অবস্থান ও মর্যাদা বৃদ্ধি করবে।  তবে মনে রাখতে হবে, সামাজিক সুরক্ষা কর্মসূচি কাঠামোগত সংকট উত্তরণের একটি সোপান, বিশেষ করে দরিদ্র, সুবিধাবঞ্চিত, বিপন্ন পরিবারগুলো যারা সামগ্রিক জীবনচক্রের কোনো পর্যায়ে আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়েছে, তাদের জন্য এটি সাময়িক সুরক্ষাবলয় মাত্র। ভবিষ্যতে এ ধরনের কার্ডভিত্তিক ভর্তুকি বা নির্ভরতার সংস্কৃতি থেকে অর্থনীতিকে সফলভাবে উত্তরণের পথে নিয়ে যাওয়ার জন্য সুদূরপ্রসারী কৌশল প্রণয়ন জরুরি। প্রান্তিক পরিবারের কর্মক্ষম সদস্য ও যুবসমাজকে আধুনিক কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তির দক্ষতা ও সহজ শর্তে বিনিয়োগ সহায়তা প্রদান করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। মানুষ যখন নিজে আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হবে, তরুণ উদ্যোক্তারা স্বল্প ও মাঝারি বিনিয়োগভিত্তিক বাণিজ্যে যুক্ত হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে এই সহায়তার ওপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলতে পারবে। এ কারণে গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সহজলভ্য পুঁজি এবং উৎপাদিত পণ্যের আধুনিক বাজারজাতকরণ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডকে নির্দিষ্ট কিছু তালিকাভুক্ত পরিবারের জন্য চিরস্থায়ী কোনো সমাধান হিসেবে না নিয়ে শুধু দরিদ্র পরিবারগুলোর প্রয়োজনভিত্তিক সমাধান হিসেবে দেখতে হবে। একই সঙ্গে এই উদ্যোগ দীর্ঘ মেয়াদে আমাদের আর্থিক কাঠামোতে বহাল রাখতে হবে যেকোনো আর্থিক সংকটগ্রস্ত পরিবারের আপৎকালীন সহায়তার জন্য। একটি নির্দিষ্ট সময় পর যখন কোনো পরিবার বা কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নির্দিষ্ট আয়সীমা অতিক্রম করবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে এই তালিকা থেকে বেরিয়ে আসবে এবং তাদের স্থলাভিষিক্ত হবে অন্য কোনো নতুন দুস্থ পরিবার। এভাবে একটি ঘূর্ণমান, গতিশীল ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক চক্র নির্মিত হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কেবল একটি সরকারি অনুদান নয়, এটি একটি বৈষম্যহীন, নায্যতাভিত্তিক এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে রাষ্ট্রের এক কল্যাণমুখী উদ্যোগ। বাজেটে এর জন্য বরাদ্দকৃত বিপুল অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার, সুচিন্তিত সুপারিশমালার প্রায়োগিক প্রতিফলন, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যদি এই কর্মসূচি কাঙ্ক্ষিত মানে বাস্তবায়ন করা যায়, তবে তা এ দেশের খেটে খাওয়া মানুষের জীবনধারায় এক গভীর ও সুদূরপ্রসারী বিপ্লব সাধনে সক্ষম হবে। এম আবু ইউসুফ: অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, র‍্যাপিড

প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে ফ্যামিলি কার্ড দেবে সরকার

দেশের দরিদ্র ও অসচ্ছল পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পরিবারভিত্তিক একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে। পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা যাচাই করে প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করা হবে। এরপর তাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধীরে ধীরে ফ্যামিলি কার্ডকে একটি সমন্বিত ব্যবস্থায় রূপ দেওয়া হবে। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে একই তথ্য ব্যবহার করা যাবে। এতে উপকারভোগী নির্বাচন সহজ ও নির্ভুল হবে। পাশাপাশি সরাসরি মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।চলতি বছর পরীক্ষামূলকভাবে ৭০ হাজার ৮৬১টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছে। এই কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪১ লাখ পরিবারকে কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। গত ১০ অক্টোবর থেকে সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ ও কর্মসূচি সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত দরিদ্র ও অস্বচ্ছল পরিবারকে তথ্যভিত্তিকভাবে চিহ্নিত করা। আমরা চাই সামাজিক নিরাপত্তার সুবিধা যেন যোগ্য পরিবারের কাছে পৌঁছে এবং বাদ পড়া প্রকৃত দরিদ্র পরিবারগুলোকেও যেন শনাক্ত করা যায়।’ তিনি আরও বলেন, পরিবারের আয়, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবিকার তথ্য বিবেচনায় নিয়ে উপকারভোগী নির্বাচন করা হবে। পরিবারের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন অনুযায়ী ভবিষ্যতে তথ্যভাণ্ডার নিয়মিত হালনাগাদ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দেশের পরিবারগুলোর সদস্যসংখ্যা, আয়, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ও জীবিকার মতো তথ্য সংগ্রহ করে একটি গতিশীল সামাজিক নিবন্ধনভাণ্ডার তৈরি করা হবে। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরিবারের আর্থিক সক্ষমতা ও দারিদ্র্যের মাত্রা নির্ধারণ করে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘ফ্যামিলি কার্ডকে শুধু একটি ভাতা বিতরণ কর্মসূচি হিসেবে দেখলে হবে না। এটি একটি সমন্বিত সামাজিক নিবন্ধনব্যবস্থা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য একই তথ্যভিত্তি ব্যবহার করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, তথ্য একবার সংগ্রহ করে স্থির রাখা হবে না। পরিবারের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তা নিয়মিত হালনাগাদ করা হবে। সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীরা ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে পরিবারের সদস্য ও আর্থ-সামাজিক অবস্থার বিভিন্ন তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করবেন। ইন্টারনেট সংযোগ না থাকলে, অফলাইনে তথ্য সংগ্রহের সুযোগ থাকবে। পরে নেটওয়ার্ক পাওয়া গেলে সংগৃহীত তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে পাঠানো হবে। মাঠপর্যায়ের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে কাজ করছেন কি না— তা অবস্থানভিত্তিক প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্বুব বলেন, ‘তথ্য সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঠপর্যায়ের নির্ভুলতা। এজন্য তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সংগৃহীত তথ্য যাচাইয়ের ব্যবস্থা থাকবে।’ তিনি বলেন, পাইলট কার্যক্রম থেকে বাস্তব কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। জাতীয় পর্যায়ে কার্যক্রম শুরুর আগে এসব সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের পরিবর্তে পরিবারের প্রকৃত আর্থ-সামাজিক অবস্থাকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের পর পরিবারের আয়, সম্পদ, জীবনযাত্রা ও অন্যান্য সূচকের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করতে সম্পদ ও আর্থিক সক্ষমতা যাচাই পদ্ধতি বা পিএমটি ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিতে পরিবারের আয়-ব্যয়, সম্পদ, বাসস্থান ও জীবনযাত্রার বিভিন্ন সূচকের ভিত্তিতে একটি স্কোর নির্ধারণ করা হবে। পাইলট পর্যায়ে ভাতা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুল, নিজ নামে মোবাইল নম্বর না থাকা ও ব্যাংক বা মোবাইল আর্থিক হিসাবসংক্রান্ত কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। জাতীয় পর্যায়ে সম্প্রসারণের আগে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার ফ্যামিলি কার্ডকে ভবিষ্যতে শুধু ভাতা গ্রহণের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ রাখতে চায় না। ব্যাংক ও ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে কার্ড ব্যবস্থাকে যুক্ত করে সরকারি অর্থ সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মধ্যস্বত্বভোগীর সুযোগ কমার পাশাপাশি অর্থপ্রদানে স্বচ্ছতা বাড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া সহায়তা পরিবারের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও জীবিকার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে, তা মূল্যায়নের পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে প্রভাব সমীক্ষার মাধ্যমে কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনা করা হবে। সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, পাইলট পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে কর্মসূচিটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় উপকারভোগী শনাক্তকরণ, তথ্য ব্যবস্থাপনা ও অর্থপ্রদানে একটি বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে ওঠায় ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি আরও লক্ষ্যভিত্তিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। সূত্র: বাসস

প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে ফ্যামিলি কার্ড দেবে সরকার

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি সত্ত্বেও সামাজিক সুরক্ষা বলয় জোরদারে বাংলাদেশ সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি দেশের দারিদ্র্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার ফাঁকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া থেকে রক্ষা করতে এবং নতুন করে দারিদ্র্য দূর করতে এই প্রকল্পগুলো বড় ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনের আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিশ্বব্যাংক, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্যাংক অব আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির প্রভাবে অতীতে দেশের প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে বলে বিশ্বব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে। তবে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সংস্কার কার্যক্রমকে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো ইতিবাচক হিসেবে দেখছে। তিনি বলেন, ‘অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রধান দুর্বলতা ছিল প্রকৃত ভুক্তভোগীদের বাদ পড়া এবং অপাত্রে সুবিধা পৌঁছানো। সরকার এখন ডিজিটাল জনপরিকাঠামো (ডিপিআই) ব্যবহার করে সরাসরি সঠিক ব্যক্তির কাছে সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করছে।’ বিভিন্ন গবেষণার বরাত দিয়ে তিনি আরও দাবি করেন, ফ্যামিলি কার্ডের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশে দারিদ্র্যের হার প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল কড়া মুদ্রানীতিই যথেষ্ট নয় উল্লেখ করে উপদেষ্টা রাজস্ব আদায় বৃদ্ধি ও কর ফাঁকি বন্ধের ওপর জোর দেন। তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব প্রবৃদ্ধিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি বলেন, গত অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশের ঘরে থাকলেও, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে তা বেড়ে ১২ থেকে ১৩ শতাংশে উন্নীত হয়েছে। ব্যাংকিং খাতের অনিয়ম প্রসঙ্গে ড. তিতুমীর বলেন, অতীতে ব্যাংকিং খাতে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। আমানতকারীদের আস্থা ফেরাতে কাজ চলছে। বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে গ্রাহকেরা এখন স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন, যা আর্থিক খাতে আস্থা ফেরার লক্ষণ। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে এলএনজি, জ্বালানি তেল ও সার আমদানিতে অতিরিক্ত ব্যয় হচ্ছে স্বীকার করে উপদেষ্টা বলেন, কৃষকদের সুরক্ষা দিতে ডিজেলের দাম না বাড়িয়ে সরকার ভর্তুকি ব্যবস্থাপনায় ভারসাম্য আনার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে ড. তিতুমীর জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আগের মতো ‘প্রতিশ্রুতির খেলাপ’ না করে বর্তমান সরকার কার্যকর সংস্কারের মাধ্যমে বৈশ্বিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। উল্লেখ্য, ১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককের কুইন সিরিকিত জাতীয় সম্মেলন কেন্দ্রে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর ২০২৬ সালের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও নীতিনির্ধারকেরা অংশ নিয়েছেন।

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

ফ্যামিলি কার্ড ও কৃষি সহায়তায় প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়ছে

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকল্পে এবং বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এবং তা বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নত বাড়ছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্সবাজার জেলা তথ্য অফিস আয়োজিত ফ্যমিলি সমাবেশে একথা বলেন। সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে এ সমাবেশের আযোজন করা হয়। কক্সবাজার জেলা তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল বলেন, নির্বাচনি ইশতাহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির আলোকে সরকার জনকল্যাণে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, হেলথ কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ ইত্যাদি কর্মসূচি পুরোদমে বাস্তবায়ন শুরু করেছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের সব ধর্মের উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় নেতা- ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পালক/যাজকদেরকে মাসিক সম্মানী ভাতা প্রদানের এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে। তিনি তার বক্তব্যে জনকল্যাণমুখী এ সকল কর্মসূচির আওতায় প্রদত্ত সেবাসমূহ ও সুফলসমূহ উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে মহাপরিচালক বিশেষ করে বর্তমান শিশু ও কিশোর-কিশোরীদের নৈতিক ও মূল্যবোধ অবক্ষয় রোধে মায়েদের দায়িত্ব-কর্তব্যের উপর গুরত্বারোপ করে বলেন, নিজেদের জীবনে ধর্মীয় ও নৈতিকতার বাস্তবিক অনুশীলনের মাধ্যমে সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ বলেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক'--এই দর্শনের ভিত্তিতে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরকার সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন। এর মূল লক্ষ্য সমাজের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। এ সময় তিনি বলেন, এ অর্থবছরে ৪০ লক্ষ পরিবারবে এ কার্ড প্রদান করা হবে। এসময় বক্তারা দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ ও নারী নির্যাতন, ডেঙ্গু, মানব পাচার ইত্যাদি প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আলোচ্য বিষয়ের উপর নির্মিত বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে প্রায় দুশতাধিক নারী উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড ও কৃষি সহায়তায় প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়ছে
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream