রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কুড়িগ্রামে নিরাপত্তা জোরদার, যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান

কুড়িগ্রামে নিরাপত্তা জোরদার, যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন এসআরবি-১৩, রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ৫৬৬টি মন্দির-মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩-এর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সব সময় সমন্বয় বজায় রাখা হচ্ছে। মেজর সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখা গেলে তা যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানান। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা সম্ভব হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। প্রেস ব্রিফিং শেষে তারা জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। বিডি-প্রতিদিন/এমই

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream