১৪ মাসের সর্বনিম্নে নেমে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন এবং দেশটির মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে। গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৬ দশমিক ৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ৩ হাজার ৬১৬ দশমিক ৬০ ডলার।এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমে যায়। গত মার্চের পর এক সপ্তাহের ব্যবধানে এটিই ছিল সবচেয়ে বড় দরপতন।বাজার বিশ্লেষক কাইল রোডার বলেন, প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।এসব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সুদের হার ভবিষ্যতে কোন দিকে যেতে পারে, তা নিয়ে বিনিয়োগকারীদের ধারণায় পরিবর্তন এসেছে। আর এর প্রভাবেই স্বর্ণের দামে কিছুটা ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।
তবে পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ দিলিন উ সতর্ক করে বলেছেন, সোমবার লেনদেনের শুরুতে স্বর্ণের দামে কিছুটা পুনরুদ্ধার দেখা গেলেও দরপতনের সর্বনিম্ন পর্যায় পেরিয়ে গেছে বলে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিক্রির কারণে স্বর্ণের দাম আরও কমতে পারে।
এদিকে সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৪১ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৪ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ৯০৩ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।