টিএসসিতে ককটেল বিস্ফোরণে ছাত্রদলের হাতে আটক ২ জন
আবারও ককটেল বিস্ফোরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এর পাঁচ মিনিটের মধ্যে আটক দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌড়ে গিয়ে ঘটনাস্থল থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেট থেকে আরেকজনকে আটক করি। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে আসি।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।