শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। আজ বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ, ঢাকা মহানগর এরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. শহিদুল হক, সাংগঠনিক কমান্ডার সরফুদ্দিন আহম্মদ নুরু, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিন ও দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। অথচ সেই দেশে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার চেতনাকে অবমাননা করার শামিল। মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরাই জামায়াত-শিবিরকে এ দেশে বিচরণের সুযোগ দিয়েছি। আজ প্রতিবাদ করছি। এরপর আর শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।’ মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ আরও বলেন, ‘আপনারা পালানোর জায়গাও পাবেন না। পাকিস্তানের দালালি করে পালানোর পথ খুঁজে পাবেন না। বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দিয়েছেন। নিজেদের মুসলমান দাবি করার আগে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।’ বক্তারা আরও বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা তা নীরবে সহ্য করবেন না। ভবিষ্যতে দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর বছর একই মুখ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখার আমির সৈয়দ মো. আবদুল মোমেন। ১৯৯৮ সাল থেকে টানা প্রায় ২৮ বছর ধরে তিনি জেলা জামায়াতের আমিরের পদে আছেন। সারা দেশে জেলা ও মহানগর মিলে জামায়াতের ৭৯টি সাংগঠনিক ইউনিট রয়েছে। এর মধ্যে ৪৩টি ইউনিটের খোঁজ নিয়েছে প্রথম আলো। খাগড়াছড়ির মতো অনেক সাংগঠনিক ইউনিটে বছরের পর বছর শীর্ষ নেতা হিসেবে একই ব্যক্তি দায়িত্ব পালন করছেন। জামায়াত নেতা ও প্রথম আলোর জেলা প্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করা তথ্যে দেখা গেছে, একনাগাড়ে ১০ বছর বা এরও বেশি সময় ধরে আমির পদে কোনো পরিবর্তন নেই, এমন ইউনিটের সংখ্যা ১৯। ৫ থেকে ৯ বছর পর্যন্ত আমির পদে আছেন আরও ১১টি ইউনিটে। একটি জেলায় বিরতি দিয়ে ২২ বছর আমির পদ সামলাচ্ছেন এক নেতা। ১৪ অক্টোবর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। কুমিল্লা মহানগর জামায়াতের আমির হিসেবে কাজী দ্বীন মোহাম্মদ ২৮ বছর দায়িত্ব পালন করেন। কমিটি নিয়ে সংঘর্ষের পর ১৬ অক্টোবর তাঁকে আমির পদ থেকে অব্যাহতি এবং কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কুমিল্লার এই ঘটনাকে জামায়াতের সাংগঠনিক রাজনীতিতে চাপা অসন্তোষের একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন দলের কেউ কেউ। এ ঘটনার পর জামায়াতের অপর একটি জেলার সাবেক এক প্রচার সম্পাদক ফেসবুকে লিখেছেন, ‘কু’ এর “লু” হাওয়া কত দূর ছড়ায় আল্লাহ ভালো জানেন। অধস্তনের অসন্তোষ কেন্দ্রে আমলে নেওয়া জরুরি।’ জামায়াতের ভেতর কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন যে দল কি নতুন নেতৃত্ব তৈরি করতে পারছে না? নাকি পুরোনো নেতাদের একটি অংশ পদ আঁকড়ে থাকছেন। জামায়াতের দায়িত্বশীল সূত্র বলছে, একই ব্যক্তির দীর্ঘ সময় ধরে শীর্ষ পদে থাকা নিয়ে জামায়াতে ইসলামীর ভেতরে আলোচনা আছে। কুমিল্লার সংঘর্ষের পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সিদ্ধান্ত নিয়েছে দল। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি ও আমিরের পদ তিন বছর মেয়াদি। আর জেলা ও মহানগর কমিটির মেয়াদ দুই বছর। দুই ক্ষেত্রেই রুকনদের গোপন ভোটে আমির নির্বাচিত হন। সে কারণে জামায়াত তাদের নেতা নির্বাচনপদ্ধতিকে ‘সম্পূর্ণ গণতান্ত্রিক’ বলে অভিহিত করে। তবে ভোটারদের সংখ্যা, প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং প্রতিদ্বন্দ্বিতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না দলটি। ফলে দীর্ঘদিন একই ব্যক্তির নেতৃত্বে থাকার কারণ ও নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা কতটা কার্যকর, তা স্পষ্ট নয়। বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলোতে শীর্ষ পদে দীর্ঘদিন একই ব্যক্তির দায়িত্ব পালন করা নতুন কিছু নয়। তবে অন্য দলগুলোতে শীর্ষ পদের বাইরে অন্য পদে পরিবর্তন আসে। কিন্তু জামায়াতে দ্বিতীয় শীর্ষ পদেও একই ব্যক্তির দীর্ঘ সময় দায়িত্ব পালনের নজির দেখা যায়। জামায়াতের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি এবং জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতাদের মধ্যে যাঁরা সার্বক্ষণিক দলকে সময় দেন, তাঁদের খরচও দল চালায়। ক্ষেত্রবিশেষে গাড়িসহ প্রয়োজনীয় অন্য সুবিধা দেওয়া হয়। তাঁরা জামায়াতের মধ্যে ‘ফুল টাইমার’ (বেতনভুক্ত) হিসেবে পরিচিত। ফুল টাইমারদের মধ্যে কাউকে কাউকে দলের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানে উচ্চ পদে বসানো হয়। সেখান থেকে বেতন পেয়ে থাকেন তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ফুল টাইমারদের অনেকের মধ্যে পদ আঁকড়ে থাকার একটা প্রবণতা দেখা যায়। আবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জেলা ও মহানগরের আমিরকে অগ্রাধিকার দেওয়া হয়। এ জন্যও শীর্ষ পদ ধরে রাখার প্রবণতা তৈরি হয়েছে। ফলে নতুনদের নেতৃত্বে আসার সুযোগ সীমিত হচ্ছে। অবশ্য জামায়াতের কেন্দ্রীয় নেতারা এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও ইসলামি আন্দোলনের প্রতি একনিষ্ঠতার ভিত্তিতেই আমির নির্বাচিত হন। কারও চাওয়া-পাওয়া মুখ্য বিষয় নয়। জামায়াতের বরিশাল অঞ্চলের পরিচালক মুয়াযযম হোসাইন হেলাল দলের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াকে ‘গণতান্ত্রিক’ বলে দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, রুকনেরা (শপথধারী কর্মী) পছন্দ করে ভোট দিয়ে আমির নির্বাচিত করেন। দল প্রয়োজন মনে করলে কাউকে সরিয়েও দেয়। জামায়াতের দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরে রুহুল আমীন ভূঁইয়া ২৩ বছর, ঝালকাঠিতে হাফিজুর রহমান ২২ বছর এবং জয়পুরহাটে ফজলুর রহমান সাঈদ ২০ বছর ধরে জেলা আমির পদে আছেন। রাজবাড়ীর আমির নুরুল ইসলাম ২০০৯ সালে দায়িত্ব পান। এর আগে দুই বছর ভারপ্রাপ্ত আমির এবং তিন বছর জেলা সেক্রেটারি ছিলেন তিনি। সব মিলিয়ে আমির পদে তিনি আছেন ১৯ বছর ধরে। খুলনা জেলা জামায়াতের আমির এমরান হুসাইন ১৮ বছর ও বরিশালের আবদুল জব্বার ১৭ বছর একই পদে আছেন। বান্দরবানের এস এম আবদুস সালাম আজাদ ও রাঙামাটির আবদুল আলিম জেলা আমির পদে আছেন ১৬ বছর ধরে। সিরাজগঞ্জে শাহীনুর আলম ১৪ বছর এবং গাজীপুরে জাহাঙ্গীর আলম ১৩ বছর ধরে দায়িত্ব পালন করছেন। বগুড়া জেলা ও মহানগর এবং ময়মনসিংহ জেলা ও মহানগর আমির পদে একই ব্যক্তিরা আছেন ১১ বছর ধরে। টাঙ্গাইল, মেহেরপুর ও পাবনার বর্তমান আমিরদের দায়িত্বকাল ১০ বছর চলছে। কুড়িগ্রামের মো. আজিজুর রহমান ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ২২ বছর আমির ছিলেন। তিনি ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের (বর্তমান ভূরুঙ্গামারী সরকারি কলেজ) অধ্যক্ষ ছিলেন। কলেজটি সরকারীকরণের বিষয় সামনে এলে তিনি আমিরের পদ ছাড়েন। গত বছরের ডিসেম্বরে তিনি আবার জেলা আমিরের দায়িত্ব পেয়েছেন। জেলা আমিরদের মধ্যে পাঁচজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন। তাঁরা হলেন নড়াইলের আতাউর রহমান, চুয়াডাঙ্গার মো. রুহুল আমিন, মেহেরপুরের মো. তাজউদ্দীন খান, ঝিনাইদহের আলী আজম মো. আবুবকর ও পাবনার অধ্যাপক আবু তালেব মণ্ডল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির বলেছিলেন, ‘তরুণেরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে। আমরা পেছন থেকে শক্তি জোগাব।’ কিন্তু জেলা পর্যায়ে অনেকের পদ আঁকড়ে থাকার প্রবণতার কারণে তরুণেরা সেভাবে নেতৃত্বে এগোতে পারছে না বলে ছাত্রশিবিরের সাবেক নেতাদের কেউ কেউ মনে করেন। তবে জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, জেলা আমির যাঁদের নেতা হিসেবে তৈরি করেন, তাঁদের হাতেই নেতৃত্বের ভার ওঠে। তাই নতুন নেতৃত্ব গড়ে ওঠে না, এই কথা ঠিক নয়। বর্তমান সংসদে ৭৬টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে জামায়াতে ইসলামী। সংসদীয় রাজনীতিতে এটিই দলটির সেরা সাফল্য। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রভাব এবং রাজনৈতিক তৎপরতা বেড়েছে দলটির। নতুন নতুন নেতা, সমর্থক যুক্ত হয়েছেন। এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান জামায়াতে যোগ দেন। সব মিলিয়ে দলের পদ ও প্রভাব নিয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতাও বেড়েছে বলে দলটির নেতারা মনে করছেন। ১২ অক্টোবর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন শাখার সভাপতি আহাদ আলী। দল অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পরই দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে নিজের প্রার্থিতা ঘোষণা করেন আহাদ আলী। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। জামায়াতকে সুশৃঙ্খল দল এবং দলের নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশনার বাইরে কিছু করেন না—এমন বক্তব্য দিয়ে থাকেন দলটির শীর্ষ নেতারা। তবে গত সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দল থেকে প্রার্থী ঘোষণার পর স্থানীয়ভাবে ক্ষোভ প্রকাশ করা হয়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছিল। গত নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষারকে নরসিংদী-২ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। কিন্তু দল ও জোটের সিদ্ধান্তের বাইরে জামায়াতে ইসলামীর নেতা আমজাদ হোসাইন ভোটে অংশ নেন। চট্টগ্রাম-৮ আসনও জামায়াত ১১–দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির জুবাইরুল হাসানকে ছেড়ে দিয়েছিল। তবে জামায়াতের আবু নাছের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, নির্বাচন থেকেও সরে দাঁড়াননি। জামায়াতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এভাবে দলীয় সিদ্ধান্ত অমান্য করা কিংবা পদের জন্য সংঘর্ষে লিপ্ত হওয়া আগামী দিনে দলটির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। এ জন্য কুমিল্লার ঘটনা গুরুত্বসহকারে নিয়েছে দলটি। অবশ্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম মনে করেন, কুমিল্লার মতো ঘটনা আর কোথাও ঘটবে না।

জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর বছর একই মুখ

‘জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) জামায়াতি আদর্শের বিস্তার লাভ করেছে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক মো. আবদুর রহমান। এ ছাড়া গতকাল তিনি দলের আহ্বায়কের কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন।  শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে আবদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পদত্যাগপত্রে আব্দুর রহমান এনসিপির নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান এবং জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী ও রাজনৈতিক জোট গঠনের সমালোচনা করেন। এ ছাড়া পদত্যাগপত্রে সহকর্মীদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিশেষ করে ঐতিহাসিক বিষয়ে মতামত দেওয়ায় তাকে ‘মুজিববাদী’ তকমা দেওয়ার অভিযোগ করেন আব্দুর রহমান।   পদত্যাগপত্রে আবদুর রহমান বলেন, ‘ঘোষিত লক্ষ্য, উদ্দেশ্য, নতুন বন্দোবস্তের প্রত্যয় এবং বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনার প্রতি অঙ্গীকার আমাকে এনসিপিকে কাজ করতে উদ্বুদ্ধ করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, এনসিপির নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে গঠিত নির্বাচনী ও রাজনৈতিক জোটের ফলে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত জামায়াতি আদর্শের বিস্তার লাভ করেছে। জামায়াত প্রশ্নে দলের বহু প্রতিষ্ঠাকালীন মেধাবী, পরিশ্রমী ও সম্ভাবনাময় নেতৃত্ব এনসিপি ত্যাগ করেছেন। রাজনৈতিক জোট এবং আদর্শিক জোট এক হবে না, এমন প্রত্যাশা থেকে আমি এনসিপির সঙ্গে থেকে যাই। কিন্তু দিনে দিনে সংগঠনের ভেতরে-বাইরে দ্বিচারিতা যেন বেড়েই চলেছে।’    জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট এখন আদর্শিকভাবেও একাকার হয়ে গেছে অভিযোগ করে তিনি লিখেছেন, ‘দলের একজন কর্মী হিসেবে এটি আমার মৌলিক আদর্শ ও চেতনার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। একই সঙ্গে সহকর্মীদের বিমাতাসুলভ আচরণ (বিশেষ করে ঐতিহাসিক বিষয়ে আমার মতামতের জন্য মুজিববাদী ট্যাগ দেওয়া) আমার মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করে, যা সহকর্মীদের ব্যাপারে অস্বস্তিকর মনোভবের উদ্ভব ঘটায়। রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস বিষয়ে এনসিপির নেতাকর্মীদের অবস্থান বর্তমানে জামায়াত-শিবিরের অবস্থানের সঙ্গে একাকার হয়ে গেছে। ফলে আদর্শিক প্রশ্নেও এনসিপির স্বতন্ত্র অবস্থান বর্তমানে যেন জামায়াতের বয়ানের দ্বারাই আবর্তিত হচ্ছে। এমন অবস্থায় আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা নৈতিক ও আদর্শিকভাবে অসম্ভব হয়ে পড়েছে। ফলে আমি এনসিপির সঙ্গে পথচলা এখানেই সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি এবং সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করছি।’ পদত্যাগপত্রে সহকর্মীদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিশেষ করে ঐতিহাসিক বিষয়ে মতামত দেওয়ায় তাকে ‘মুজিববাদী’ তকমা দেওয়ার অভিযোগ করেন আব্দুর রহমান। তার মতে, এ ধরনের আচরণ তার মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে এবং সহকর্মীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে অস্বস্তি তৈরি করেছে। প্রসঙ্গত, একসময় ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আবদুর রহমান। ২০১৯ সালে ছাত্রলীগের প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি বর্ধিত হলে তাকে কমিটির সদস্য মনোনীত করা হয়েছিল। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

‘জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

জনগণের সংকট দেখছে না সরকার: শফিকুর রহমান

বিরোধদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন দেশে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ জনগণের নানা ‘সংকট’ সমাধানে সরকার ব্যর্থ। তিনি বলেছেন, ‘সংসদে দাঁড়িয়ে যারা দেশের কোনো সংকট নেই বলে মিথ্যা কথা বলেন, তাদের দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না।’ আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক পথসভায় তিনি এ কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়। জামায়াত আমির বলেন, ‘বিদ্যুৎ কোথাও নেই কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই! সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলেন, তাদের দ্বারা দেশের মানুষের সমস্যার সমাধান হবে না।’ গণভোটের প্রসঙ্গ টেনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘আপনারা দুটো ভোট দিয়েছেন। একটি সংসদের জন্য, আরেকটি বাংলাদেশকে মেরামত ও সংস্কার করার জন্য। সরকারি দল ও বিরোধী দল সবাই একমত হয়েছিলাম—গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করা হবে। ছয় মাস চলে গেছে, সরকার এখনো তা বাস্তবায়ন করেনি। ” বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ তুলে বলেন, ‘শুরু থেকেই এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের দাবি অগ্রাহ্য করেছে। অতীতে যারা জনগণের দাবি অগ্রাহ্য করেছে, তাদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে।’ সরকার সব জায়গায় দলীয়করণ করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সব জায়গায় আপনারা দলীয়করণ করবেন, আর বিরোধী দল বসে বসে কি আঙুল চুষবে? বিরোধী দল সেসব জায়গায় প্রতিরোধ গড়ে তুলবে!’

জনগণের সংকট দেখছে না সরকার: শফিকুর রহমান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream