নেতানিয়াহুকে সরাতে এবার নতুন কৌশল নিলেন আইজেনকট
ইসরাইলে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এসব দল দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর মিত্র হিসেবে পরিচিত।এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন আইজেনকট। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।বৈঠকে পরবর্তী পার্লামেন্ট স্পিকার হিসেবে নিজেদের ইয়াশার পার্টির কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি নতুন সরকার গঠনের জন্য অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাসের সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেছেন তারা।বর্তমানে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে ৪৮ জন আইনপ্রণেতা রয়েছেন। ইসরাইলের পার্লামেন্টে সরকার গঠন করতে প্রয়োজন ৬১ জনের সমর্থন। তাই সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও কয়েকটি দলের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন বিরোধী নেতারা।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্য দলগুলোর সমর্থন আদায়ের পাশাপাশি প্রথমে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন বিরোধী জোটের নেতারা। নতুন স্পিকার নিয়োগের মাধ্যমে পার্লামেন্টে আইন প্রণয়নের উদ্যোগ এগিয়ে নিতে চান তারা।
লিবারম্যান শুক্রবার বলেছিলেন, নীতিগত মতপার্থক্য থাকলেও ইউটিজে ও শাসকে বিরোধী জোটের সঙ্গে যুক্ত করা উচিত। সোমবারের বৈঠকে আইজেনকটও এ উদ্যোগে সম্মতি দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এ ক্ষেত্রে বাধ্যতামূলক সামরিক নিয়োগসংক্রান্ত আইনের একটি শিথিল সংস্করণ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে।
তবে এ দুই অতি-রক্ষণশীল দল দীর্ঘদিন ধরেই বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করে আসছে। অন্যদিকে আইজেনকটের জোট নির্বাচনে সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবার প্রতিশ্রুতি দিয়েছিল।
নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র ইউটিজেও তার ওপর অসন্তুষ্ট। ইয়েশিভার শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়ার আইন পাশ করতে ব্যর্থ হওয়ায় দলটি নেতানিয়াহুকে আরেক মেয়াদে সমর্থন দিতে রাজি হয়নি। তবে শাস এখনো নেতানিয়াহুর পক্ষেই রয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বৈঠকে লিবারম্যান আইজেনকটকে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের চিন্তা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার স্থিতিশীল হবে না। বরং অতি-রক্ষণশীল দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করা গেলে তা নেতানিয়াহুকে চাপে ফেলবে।
চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, লিবারম্যান আইজেনকটকে বলেছেন, ‘আপনিই প্রধানমন্ত্রী হবেন। আমি নিজে এই পদ চাইছি না।’ যদিও নির্বাচনি প্রচারণার সময় লিবারম্যানও প্রকাশ্যে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন।
এদিকে আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রচেষ্টা ঠেকাতে তৎপরতা চালাচ্ছেন নেতানিয়াহু। চ্যানেল ১২ জানিয়েছে, ইউটিজের দুই প্রভাবশালী ধর্মীয় নেতা রাব্বি দোভ ল্যান্ডো ও মোশে হিলেল হির্শের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তিনি। তবে তার এ প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু অতি-রক্ষণশীল দলগুলোকে আইজেনকটের সরকার গঠনের উদ্যোগের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন নির্বাচন চান বলেও দাবি করা হয়েছে। তার ধারণা, নতুন নির্বাচনে জয়ী হয়ে দলগুলোর দাবিগুলো পূরণ করতে পারবেন।
এ ছাড়া নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এসেল নির্বাচনের আগে ও পরে আরব দল রা'আমের নেতা মানসুর আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসেল দাবি করেছেন, এ ধরনের কোনো রাজনৈতিক বার্তা আদান-প্রদান হয়নি।