নেতানিয়াহুর সঙ্গে জোটের পথ বন্ধ করল আইজেনকটের বিরোধী জোট
ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নেতানিয়াহুর দল লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট। সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কেএএন এ তথ্য জানিয়েছে।জোটের সূত্রগুলো বলেছে, নির্বাচনে হস্তক্ষেপের ঘটনা একটি ‘অভ্যুত্থানের চেষ্টা’র মতো। এ ঘটনায় দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি এবং বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফমানকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছে তারা।গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির এই জোটে রয়েছেন বিরোধী নেতা নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলো। বর্তমানে ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন আইজেনকট।
রোববার চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন কর্মীকে গ্রেপ্তারে পুলিশের কাছে তথ্য সরবরাহ করেছিল নেতানিয়াহুর কার্যালয়। তদন্তে জানা গেছে, তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে এক গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করার পরও পুলিশ গ্রেপ্তারের পদক্ষেপ নেয়। পরে ওই তথ্যের উৎস হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক সহকারীকে শনাক্ত করা হয়।
চ্যানেল ১২ আরও জানায়, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচ আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন শিন বেতের প্রধান ডেভিড জিনি। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই আবেদন নাকচ করে দেন।
গত সপ্তাহে নেসেটে শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যের পর ঐক্য সরকার গঠনের আলোচনা আরও জটিল হয়ে পড়ে বলে জানিয়েছে কেএএন।
এ ছাড়া ইরান নিয়ে আলোচনার জন্য গোফমানের যুক্তরাষ্ট্র সফরও দুই পক্ষের মধ্যে টানাপোড়েন তৈরি করেছে। সফরের বিষয়ে আইজেনকটকে জানানো হয়নি, যদিও এর কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হয়েছিল বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। সূত্র- টি আর টি ওয়ার্ল্ড