মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
প্রকাশ্যে পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, কুষ্টিয়ায় রাতভর পুলিশের অভিযান

প্রকাশ্যে পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, কুষ্টিয়ায় রাতভর পুলিশের অভিযান

বাসার সামনে কুষ্টিয়া শহরে এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদের নেতৃত্বে এ অভিযান চলে। শহরের পৌরসভা এলাকা, রবীন্দ্র-লালন উদ্যান, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, টি-টাইপ কোয়ার্টার ও আউটার স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।এ সময় সন্দেহজনক চলাফেরা এবং সন্ধ্যার পর বিভিন্ন স্থানে আড্ডা দেওয়ার অভিযোগে ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।এর আগে, সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬) ছুরিকাঘাতের শিকার হন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোর। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই কিশোর অপরাধ ও গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শহরের বিভিন্ন স্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নেওয়া হয়েছে। থানায় তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই চলছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream