রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বৃদ্ধাকে আশ্রয় দিতে গিয়ে ঢাকায় মারধরের অভিযোগ, আলোচনায় শরণখোলার কনটেন্ট ক্রিয়েটর নাহিদ

বৃদ্ধাকে আশ্রয় দিতে গিয়ে ঢাকায় মারধরের অভিযোগ, আলোচনায় শরণখোলার কনটেন্ট ক্রিয়েটর নাহিদ

শরণখোলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানকে ঢাকায় মারধরের অভিযোগ উঠেছে আলোচিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার ও তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে।বুধবার (২৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ হাসান এ অভিযোগ করেন। তিনি জানান, এক অসহায় বৃদ্ধ নারীকে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতে কয়েকদিন ধরে কাজ করার পর তাঁকে ঢাকায় মিল্টন সমাদ্দার পরিচালিত প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে যাওয়ার পরই তিনি মারধর ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।নাহিদের ভাষ্য অনুযায়ী, বৃদ্ধা নারীকে আশ্রয় দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাসে ১৮ হাজার টাকা চাওয়া হয়েছিল। ওই অর্থ দিতে তাঁরা রাজিও ছিলেন। পরে প্রতিষ্ঠানটি বৃদ্ধাকে রাখতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের মুখে মিল্টন সমাদ্দার তাঁকে জিডি নিয়ে আসার কথা বলেন এবং বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার আশ্বাস দেন।নাহিদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে তিনি বৃদ্ধা নারীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। বুধবার রাত ২টা ৩৩ মিনিটের দিকে তাঁরা ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এ পৌঁছান। সেখানে প্রথমে প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষের সঙ্গে কথা হয়। কিছুক্ষণ পর মিল্টন সমাদ্দার সেখানে আসেন।নাহিদের অভিযোগ, কথা বলার একপর্যায়ে মিল্টন সমাদ্দার তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের কারণে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় এবং চোখে আঘাত করা হয় বলে অভিযোগ করেন নাহিদ। তাঁর গেঞ্জি ধরে চড় মারা হয় এবং এতে বুকে আঘাত লাগে বলেও দাবি করেন তিনি।এ সময় তাঁকে ছাড়াতে এগিয়ে আসা প্রতিষ্ঠানের কর্মী দেবাশীষও তাঁর গলা চেপে ধরেন বলে অভিযোগ নাহিদের। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা ইলিয়াস নামের আরেক ব্যক্তিকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।নাহিদের আরও অভিযোগ, মারধরের সময় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেওয়া হয়। সেখানে প্রায় ২০ থেকে ২৫ জন লোক থাকলেও তাঁরা ছিলেন মাত্র তিনজন। নির্জন এলাকা এবং একমাত্র যাতায়াতের পথ হওয়ায় তাঁরা তাৎক্ষণিকভাবে সেখান থেকে বের হতে পারেননি বলেও দাবি করেন তিনি।ঘটনার আশঙ্কা আগে থেকেই করায় কয়েকজন পরিচিত ব্যক্তির কাছে লাইভ লোকেশন পাঠিয়ে রাখেন এবং মোবাইলে অডিও রেকর্ড চালু করেন বলে জানান নাহিদ। তাঁর দাবি, পুরো ঘটনার অডিও রেকর্ড তাঁর কাছে রয়েছে।তিনি আরও অভিযোগ করেন, পরে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে একটি স্বীকারোক্তি নেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো টাকা দাবি করা হয়নি, এমন বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।পরে বৃদ্ধা নারীকে ওই প্রতিষ্ঠানে রেখে তাঁরা সেখান থেকে বের হয়ে আসেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বলে জানান নাহিদ। তাঁর ভাষ্য, সেখানে চোখ পরীক্ষা ও এক্স-রে করা হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করেন।এদিকে, মিল্টন সমাদ্দার এর আগেও তাঁর পরিচালিত প্রতিষ্ঠানে মারধর, জাল মৃত্যুসনদ ও মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন। ২০২৪ সালে জাল মৃত্যুসনদ তৈরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও আদালতে অভিযোগপত্র দাখিলের তথ্যও প্রকাশিত হয়েছে।তবে নাহিদ হাসানের সর্বশেষ অভিযোগের বিষয়ে মিল্টন সমাদ্দার বা তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।নাহিদ তাঁর পোস্টে আরও বলেন, তিনি কারও কাছে বিচার চান না। বরং এ ঘটনায় উল্টো তাঁদের হয়রানি বা বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন।উল্লেখ্য, নাহিদ হাসান বাগেরহাটের শরণখোলা উপজেলার একজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘উজান টিভি’র সঙ্গে যুক্ত।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream