বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
আরও চড়া দামে এলএনজি কিনছে সরকার

আরও চড়া দামে এলএনজি কিনছে সরকার

আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এবার প্রতি ইউনিট (এমএমবিটিইউ) ২৮ মার্কিন ডলারের ওপরে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই এলএনজি কেনার অনুমোদন দিয়েছে। আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে, গত ২৪ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলারে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। তার এক সপ্তাহ আগে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলারে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ গত বছরের ডিসেম্বরেও প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারের নিচে কিনতে পেরেছিল সরকার। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে এলএনজির দাম বেড়ে প্রায় তিন গুণ হয়ে গেছে।  সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এখন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিন কার্গো এলএনজি কেনা হবে। এর মধ্যে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের জন্য ৪৯তম কার্গো, ১-২ অক্টোবরের জন্য ৫০তম কার্গো এবং ৫ থেকে ৬ অক্টোবরের জন্য ৫১তম কার্গো কেনার প্রস্তাব রয়েছে। তিন কার্গোর জন্য পৃথক তিনটি প্রতিষ্ঠানের দর সুপারিশ করা হয়েছে। ৪৯তম কার্গোর জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুরের দর প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ মার্কিন ডলার। ৫০তম কার্গোর জন্য বিপি সিঙ্গাপুরের দর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ মার্কিন ডলার। আর ৫১তম কার্গোর জন্য ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুরের দর প্রতি এমএমবিটিইউ ২৬ দশমিক ৬৬৮৮ মার্কিন ডলার। অন্যদিকে, জিটুজি ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর ও পেট্রোবাংলার মধ্যে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত পরিমাণ হিসেবে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এই কার্গোটি আগামী ১০ সেপ্টেম্বর কেনার প্রস্তাব করা হয়েছে। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ মার্কিন ডলার দরে এই এলএনজি কেনা হবে। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream