রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চোট পেয়ে মাঠ ছাড়লেন মার্তিনেজ, হয়েছে অস্ত্রোপচার

চোট পেয়ে মাঠ ছাড়লেন মার্তিনেজ, হয়েছে অস্ত্রোপচার

চেলসি ও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ গুরুতর চোট পেয়ে গতকাল স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। তার চোট নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরে চোয়ালে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফেরার আশা করছেন তিনি।অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্তিনেজ। নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে তিনি লেখেন, ‘সবার বার্তার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচার ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’ তবে আর্জেন্টিনার এই গোলকিপারের সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে চেলসির আসন্ন ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না। বছরের শেষ ফিফা আন্তর্জাতিক বিরতির ম্যাচেও আর্জেন্টিনা দলে থাকা হবে না তার। নভেম্বরের মাঝামাঝি আর্জেন্টিনার ম্যাচ আছে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিটে মার্তিনেজ চোট পান। সেন্টার-ব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে তিনি জোরে আঘাত পান। প্রায় ১০ মিনিট তিনি মাটিতে পড়ে ছিলেন। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের করা হয়। চিকিৎসা পরীক্ষার জন্য নেওয়া হয় একটি ক্লিনিকে। স্ক্যানে ঘাড়, পিঠ বা মাথার খুলিতে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে আরও পরীক্ষায় চোয়াল ভাঙার বিষয়টি জানা যায়। এর জন্য অস্ত্রোপচার করতে হয়। সফল অস্ত্রোপচারে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও গোলকিপারের জন্য সমর্থনের বার্তা পাঠিয়েছেন। তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমার প্রিয় দিবু, দ্রুত সেরে ওঠার শুভকামনা রইল। তোমার জন্য পৃথিবীর সব শক্তি কামনা করছি। দূর থেকে বড় একটি আলিঙ্গন। আমার কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। সুখে-দুঃখে আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’ শিগগির মাঠে ফেরার আশাবাদ থাকলেও মার্তিনেজকে কিছুদিন মাঠের বাইরেই থাকতে হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream