ভেনিসে বসছে তারার হাট, স্বর্ণসিহংয়ের দৌড়ে ২১ ছবি
ভেনিস চলচ্চিত্র উৎসব ১৯৩২ সালে শুরু হয়েছিল। ৮৩তম আসর দোরগোড়ায় বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবের। লালগালিচায় তারার হাট বসবে আজ ২ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উপস্থিত থাকার কথা রয়েছে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের।
অস্কার ও বাফটাজয়ী নির্মাতা ড্যানি বয়েলের ‘ইনক’ এবারের উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। এতে অভিনয় করেছেন জ্যাক ও’কনেল, গাই পিয়ার্স ও ক্লেয়ার ফয়। মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার মোট ২১টি সিনেমা লড়ছে স্বর্ণসিহং পুরস্কারের জন্য। প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মার্টিন ম্যাকডোনাগের ‘ওয়াইল্ড হর্স নাইন’, ওয়ার্নার হারজোগের ‘বাকিং ফাস্টার্ড’, ফ্লোরিয়ান জেলারের ‘বাঙ্কার’, হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, লি চ্যাং-ডংয়ের ‘পসিবল লাভ’ ইত্যাদি।
মূল প্রতিযোগিতার জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন অভিনেত্রী ও নির্মাতা ম্যাগি গিলেনহল। জুরি বোর্ডে আরও রয়েছেন তিউনিসিয়ার কাওথার বেন হানিয়া, ব্রিটিশ নির্মাতা ড্যানিয়েল ব্লুমবার্গ, ইতালির চলচ্চিত্র তাত্ত্বিক ফ্রান্সেসকো কাসেটি, ফরাসি চলচ্চিত্রকার জাভিয়ার জিয়ানোলি, ইরানি বংশোদ্ভূত আফগান চলচ্চিত্রকার শহরবানু সাদাত এবং হংকংকের চলচ্চিত্র নির্মাতা জনি টু। উৎসবের সম্মানসূচক ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণসিংহ পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী বাসটিন।
ভেনিস উৎসবের এবারের আসরটি বাংলাদেশের জন্যও বিশেষ। উৎসবের অরিজোন্তি কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা জায়গা পেল ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।
৬ সেপ্টেম্বর ভেনিস উৎসবে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার প্রিমিয়ার হবে। এ সময় নির্মাতা রুবাইয়াত হোসেনের সঙ্গে উপস্থিত থাকবেন সিনেমার অভিনয়শিল্পী জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অভিনেত্রী বাঁধন জানান, ৩ সেপ্টেম্বর ভেনিসের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। জানা গেছে, ভেনিস উৎসবের রেড কার্পেটে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় ব্যবহৃত ‘ঢাকা লাভ’ গানের মিউজিকের সঙ্গে শাড়িতে বাঙালি ঐতিহ্য তুলে ধরবেন সিনেমার কলাকুশলীরা।
নির্মাতা জানিয়েছেন, দ্য ডিফিকাল্ট ব্রাইড একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পারলারকে কেন্দ্র করে গল্প। কথিত আছে, একসময় এই পারলারে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। চলচ্চিত্রে জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পারলারে আসে। সেখানে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়। ভেনিস উৎসব ছাড়াও সিনেমাটি ইতিমধ্যে নির্বাচিত হয়েছে টরন্টো ও বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে।