সহিংসতার পর গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। রোববার সকাল থেকে জেলার শহর ও বিভিন্ন উপজেলার সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।এদিকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশেও যানবাহন চলাচল করছে। রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের পাশাপাশি সড়কে মানুষের উপস্থিতিও বেড়েছে।তবে এখনো ঢাকা-গোপালগঞ্জ ও রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে জেলার অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়মিত ক্লাস শুরু হয়েছে। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।
জেলার সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে। সব বিভাগের দাপ্তরিক কার্যক্রমও চলবে। ছেলেদের ও মেয়েদের আবাসিক হলের জন্য একটি করে ডাইনিং চালু থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে বিজিবি, আনসার ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সকাল থেকে তাঁরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।
গত ১৯ নভেম্বর দুপুরের পর থেকে জেলায় নতুন করে কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রোববার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।