মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফেনীতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

ফেনীতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি একই জমিতে কৃষিকাজ ও পশুপালনের পরিকল্পনাও রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।এ ছাড়া সোনাগাজীর আশপাশের এলাকায় আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র ও ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।প্রকল্পের কাজ এগিয়ে নিতে সোমবার ঢাকার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য সরকারের। এ জন্য সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য পূরণে সোনাগাজীর ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান, সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবি পিএলসির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনজুর কাদির উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ জন্য গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৭.২ নম্বর লক্ষ্য অর্জনেও সহায়ক হবে প্রকল্পটি। প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি ক্ষমতার পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি উপকেন্দ্র স্থাপন করা হবে। পরামর্শক ও নির্মাণ ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজও চলছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream