সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন

আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদে সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক এবং সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সোমবার সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশ তিনটি উত্থাপন করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। উত্থাপিত অধ্যাদেশ তিনটি হলো-সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধ্যাদেশগুলো উত্থাপনের পর বিরোধী দল জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান এগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানের নির্দেশনা অনুযায়ী বাধ্যবাধকতার কারণে আমি অধ্যাদেশগুলো উত্থাপন করেছি। সংশ্লিষ্ট মন্ত্রী এগুলোকে আইনে পরিণত করার জন্য বিল আকারে সংসদে উত্থাপন করবেন।’ সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর বিভিন্ন ধারায় প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ক্রয়ে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করতে এ সংশোধনীর মাধ্যমে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্য রয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান পুনর্বহাল করা হয়েছে। অন্যদিকে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে উত্থাপন করা হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream