সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের প্রস্তাব নিয়ে প্রতিবেদনকে মিথ্যা বলল ইরান

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের প্রস্তাব নিয়ে প্রতিবেদনকে মিথ্যা বলল ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ইরান—সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়ার এমন খবর প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত।ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে সূত্রটি জানায়, হরমুজ প্রণালি পুনরায় চালুর সঙ্গে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি যুক্ত করে কোনো সমঝোতায় রাজি নয় ইরান। তেহরানকে নিয়ে আল আরাবিয়ার আগের কিছু প্রতিবেদনের মতো এটিও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।সূত্রটি আরও জানায়, নিজস্ব কৌশলে মার্কিন অবরোধ এড়িয়ে চলছে ইরান। শেষ পর্যন্ত এই অবরোধ ভেঙে ফেলার ব্যাপারেও আত্মবিশ্বাসী দেশটি। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন কোনো প্রস্তাব পাঠানোর খবরও নাকচ করেছে তেহরান।সূত্রের ভাষ্য অনুযায়ী, ইরানের দাবিগুলো সম্বলিত সাত দফার একটি পরিকল্পনা আগেই যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে এটিই ইরানের আনুষ্ঠানিক অবস্থান বলে উল্লেখ করেছে সূত্রটি। তাসনিমকে দেওয়া বক্তব্যে সূত্রটি বলে, ইরানের সব বৈধ দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতা দূর হবে না। এসব দাবির মধ্যে ইরানের বন্দর ও সামুদ্রিক জাহাজ চলাচলের ওপর হস্তক্ষেপ বন্ধ করার বিষয়টিও রয়েছে। সূত্রটি আরও বলেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো অবস্থানের বাইরে কোনো অনুমান বা সংবাদমাধ্যমের জল্পনাকে ইরানের প্রকৃত অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না। হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডকে দায়ী করেছে ইরানি সূত্রটি। তাদের দাবি, এসব কর্মকাণ্ড বন্ধ করা শুধু আঞ্চলিক দেশগুলোর নয়, বরং পুরো বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট বিষয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream