শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান

৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি জানান, শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা ও যোগাযোগের ক্ষেত্রে আরও দক্ষ করে তুলতে বিদেশি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় রেখে এ উদ্যোগ নিয়েছে ইউজিসি। আজ শুক্রবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (ইআরএলএস) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন। ‘ডিকলোনিয়াল ডায়ালগস, ট্রান্সফরমেটিভ পাথওয়েজ অ্যান্ড এমপাওয়ার্ড প্র্যাকটিসেস’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। অধ্যাপক মামুন আহমেদ বলেন, সরকার বিদেশি ভাষা শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। চীনা, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, ফরাসি, ইতালীয় ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি, কোরীয়, চীনা, ইংরেজি ও আরবি ভাষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান বিশ্বে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন কেবল অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা নয়; বরং উচ্চশিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দক্ষ, আত্মবিশ্বাসী ও বিশ্বপরিসরে প্রতিযোগিতায় সক্ষম তরুণ প্রজন্ম গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে মাতৃভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই মাতৃভাষা বাংলাকে জাতীয় পরিচয় ও সংস্কৃতির ভিত্তি হিসেবে সমুন্নত রেখেই শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণ করতে হবে। মাতৃভাষা ও বিদেশি ভাষার মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সাংস্কৃতিক আত্মপরিচয় অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, তৃতীয় ভাষা শিক্ষার কার্যকর মডেল তৈরি, দক্ষ ভাষাশিক্ষক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়, দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিদেশি ভাষা শিক্ষা যেন দেশের সাংস্কৃতিক পরিচয় ও শিক্ষাগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সৈয়দা সারওয়াত আবেদ বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক শায়লা সুলতানা।

এক মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল, শিক্ষার মান নিয়ে প্রশ্ন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। টানা দুই বছর প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। এর আগে ২০২৫ সালেও পরীক্ষায় অংশ নেওয়া নয় শিক্ষার্থীর সবাই ফেল করেছিল। অথচ প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ১৪ জন শিক্ষক। তাঁদের সরকারি বেতন-ভাতা বাবদ বছরে ব্যয় হচ্ছে প্রায় ৩৬ লাখ টাকা। শিক্ষকসংখ্যার তুলনায় শিক্ষার্থী কম এবং ধারাবাহিকভাবে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম, শিক্ষার মান ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদ্রাসাটি থেকে ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি। একইভাবে ২০২৫ সালের পরীক্ষায় অংশ নেওয়া ৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়। পরপর দুই বছর এমন ফলাফলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, শিক্ষার্থীদের এমন ফলাফলের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এড়াতে পারে না। শিক্ষক বা সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিষয়ভিত্তিক পাঠদান এবং সামগ্রিক শিক্ষার মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অমনোযোগী। এ ছাড়া ছাত্রীদের অনেকের বিয়ে হয়ে গেছে। মাদ্রাসায় আইসিটি শিক্ষক না থাকায়ও ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। শিক্ষার্থীরা মূলত আইসিটি ও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ বলেন, প্রতিষ্ঠানটি থেকে আগেও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তখন মাদ্রাসা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বর্তমানে ভাইস প্রিন্সিপালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরও ফলাফলের এমন বিপর্যয় অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আবারও চিঠি দিয়ে প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী, একটি আলিম মাদ্রাসায় সর্বনিম্ন ২০ জন শিক্ষার্থী থাকার কথা। অথচ প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে মাত্র ছয়জন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিডি প্রতিদিন/এম.এস

এক মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল, শিক্ষার মান নিয়ে প্রশ্ন

এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর। এ পরীক্ষা শেষ করতে হবে ১০ নভেম্বরের মধ্যে। আর ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। সম্প্রতি বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তির তথ্যমতে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পাশাপাশি ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে। গত ২৪ আগস্ট ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মার্চ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। ২২ এপ্রিলের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

প্রধান শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। আজ বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোহাম্মদ মনজুরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ৯টা হতে শুরু হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। আরও বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়াও প্রার্থীদের সাত ধরনের কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। কাগজপত্রগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র; অভিজ্ঞতার সনদপত্র; সকল যোগদানপত্র ও নিয়োগপত্র; এমপিওভুক্তি ও এমপিও সংশ্লিষ্ট সকল কাগজপত্র; প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র; জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ; এমসিকিউ পরীক্ষার প্রবেশ পত্র। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে পরীক্ষা হয়। ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেন ৪৮ হাজার ১৪৬ জন। গত ২২ এপ্রিল এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ পরীক্ষার্থী।

প্রধান শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ১ অক্টোবর

জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ও ডায়েরির ছবি যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ অন্তর্ভুক্ত হচ্ছে। তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও সেই সঙ্গে বইয়ে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। বিষয়টি নিশ্চিত করে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগামী বছরের শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধটি অন্তর্ভুক্তির বিষয়ে এনসিসিসি চূড়ান্ত অনুমোদন দিয়েছে। যার যতটুকু অবদান, তা নিরপেক্ষ ও নির্মোহভাবে পাঠ্যবইয়ে তুলে ধরতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিবের সভাপতিত্বে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, ‘এনসিসিসি সভায় নিবন্ধটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ও নির্মোহ ইতিহাস জানতে পারবে।’ এনসিটিবির কারিকুলাম সংশ্লিষ্টরা জানান, নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকের ২২ নম্বর গদ্যের লেখক পরিচিত অংশে জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, জেড ফোর্সের অধিনায়ক, ১ নম্বর সেক্টর কমান্ডার ও ‘বীর উত্তম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধকে সর্বাত্মক ‘জনযুদ্ধ’ হিসেবে চিহ্নিত করে ২৫শে মার্চের গণহত্যার পর শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলে তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিকামী মানুষের জন্য ‘তুর্যধ্বনির মতো’। এনসিটিবি জানায়, প্রবন্ধটির মূল বর্ণনা শুরুর আগে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যায় ১৯৭২ সালে ‘দৈনিক বাংলা’য় প্রকাশিত ‘একটি জাতির জন্ম’ ও ১৯৮০ সালে অধুনালুপ্ত ‘দৈনিক দেশ’ পত্রিকায় প্রকাশিত ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ দুটিকে মুক্তিযুদ্ধের এক অনন্য দলিল হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়। এতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে বাংলাদেশের ইতিহাসের অনিবার্য নাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারিকুলাম সংশ্লিষ্টরা আরও জানান, গদ্যের প্রবন্ধে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রাম থেকে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের সূচনা, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ও সম্মুখসমরের আত্মত্যাগের এক অনন্য আলেখ্য চিত্রিত হয়েছে। মুক্তিযুদ্ধের সশস্ত্র দায়িত্ব গ্রহণের অনুভূতির কথা বর্ণনা করতে গিয়ে নিবন্ধে জিয়াউর রহমান লিখেছেন—‘সবাই আমরা যুদ্ধ করেছি। সৈনিক, জনগণ সবাই। জাতির চরম সংকটের মুহূর্তে কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হয়। নিতে হয় দায়িত্ব। আমি কেবল সেই দায়িত্ব পালন করেছি। নেতারা যখন উধাও হয়ে গেল—সিদ্ধান্ত দেওয়ার কেউ থাকল না, তখন জাতির পক্ষ থেকে সবচেয়ে বড় সিদ্ধান্ত আমাকে ঘোষণা করতে হলো...২৬শে মার্চ রাতের প্রথম প্রহরে সেই চূড়ান্ত সময়টি এল। যার জন্য গোটা মাস আমরা রুদ্ধশ্বাস হয়ে প্রতীক্ষা করছিলাম।’ চট্টগ্রামে পাক বাহিনীর ষড়যন্ত্র অনুধাবন ও ১লা মার্চ থেকে শুরু হওয়া সন্দেহজনক গতিবিধির বিবরণ দিয়ে মেজর জিয়া উল্লেখ করেন—‘১লা মার্চ থেকে ২০ তম বেলুচ রেজিমেন্টের রহস্যজনক গতিবিধি থেকে আমরা সুস্পষ্ট আঁচ করতে পারছিলাম কী ঘটতে যাচ্ছে...১৩ই মার্চ নেতাদের সঙ্গে ইয়াহিয়ার গোলটেবিল বৈঠক শুরু হলো। এর মধ্যেই পাকিস্তানি জেনারেলরা একের পর এক বিমানে আসতে লাগলেন...এ ছিল সর্বাত্মক হামলার এক ভীতিকর পূর্বাভাস...দ্রুত ঘনিয়ে এলো পঁচিশ-ছাব্বিশের সে রাতটি। রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে জেনারেল আনসারীর কাছে রিপোর্ট করার জন্য ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আমার কাছে নির্দেশ পাঠালেন। নৌ-বাহিনীর একটি ট্রাক পাঠানো হলো আমাকে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য...’ নিবন্ধে জিয়াউর রহমান আরও লেখেন, ‘আগ্রাবাদের এক ব্যারিকেডের সামনে ট্রাক থেমে গেল...ঠিক সে সময়ে মেজর খালিকুজ্জামান সেখানে আমার সঙ্গে দেখা করলেন। অনুচ্চস্বরে বললেন, ওরা ক্যান্টনমেন্টে হামলা শুরু করেছে। শহরেও অভিযান চালিয়েছে। হতাহত হয়েছে বহু নিরীহ মানুষ। যে সময়ের জন্য এতদিন অপেক্ষা করছিলাম, সে সময় এসে গেছে। সঙ্গে সঙ্গে বলে উঠলাম, ‘উই রিভোল্ট’। নির্দেশ দিলাম, ষোলোশহর ছুটে যাও। পাকিস্তানি অফিসারদের আটক করো। যুদ্ধের জন্য তৈরি করে রাখো ব্যাটালিয়নের সবাইকে।’ জিয়াউর রহমান লিখেছেন-‘ষোলোশহর এসে মুহূর্তে একটি রাইফেল কেড়ে নিলাম তাদের একজনের কাছ থেকে...ব্যাটালিয়নের সব অফিসার আর জোয়ানদের এক জায়গায় একত্র করে সংক্ষিপ্ত ভাষণ দিলাম। বললাম, আমরা স্বাধীনতা যুদ্ধে নেমেছি। তারা এই ঘোষণাটির জন্যই উন্মুখ হয়ে অপেক্ষা করছিল। সঙ্গে সঙ্গে সবাই উল্লাসধ্বনি করে সাড়া দিল। পর মুহূর্তেই সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। রাত তখন ২টা ১৫ মিনিট। ২৬শে মার্চ ১৯৭১। জাতির জন্যে অবিস্মরণীয় সেই মুহূর্তটি।’ পটিয়ার পাহাড়ে প্রথম মুক্তাঞ্চল গঠন ও সামরিক কৌশলের বর্ণনা দিয়ে মেজর জিয়া লেখেন—‘রাত ৪টায় রেললাইন ধরে পটিয়ার পাহাড়ের দিকে যাত্রা করলাম। পথে ইপিআর-এর একশজন আমাদের সঙ্গে যোগ দিল...২৬শে মার্চের মধ্যেই তিনশ সদস্যের বাহিনীকে চট্টগ্রাম পাঠানো হলো হানাদারের মোকাবিলার জন্য। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। সেই প্রথম সম্মুখসমর, পাকিস্তানি শিবিরে তখন আতঙ্ক। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো।’ কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার স্মৃতিচারণ করে নিবন্ধে জিয়াউর রহমান লিখেছেন—‘দিনটি ছিল ২৭শে মার্চ...সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিও স্টেশনে এলাম। হাতের কাছে একটি এক্সারসাইজ খাতা পাওয়া গেল। তার একটি পৃষ্ঠায় দ্রুতহাতে স্বাধীনতা যুদ্ধের প্রথম ঘোষণার কথা লিখলাম—স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার নিয়েছি, সে কথাও লেখা হলো সেই প্রথম ঘোষণায়...বেতার তরঙ্গের সে ঘোষণা বিশ্বের প্রায় প্রতিটি রেডিওতে ধরা পড়ল। আর বিশ্ববাসী সেই প্রথম শুনল: বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ঘোষণা নিয়ে যুদ্ধে নেমেছে দখলদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে...২৭শে মার্চ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইথারে ঘোষণাটি উচ্চারিত হওয়ার পর মুহূর্তেই বিশ্বমানচিত্রে অঙ্কিত হয়ে গেল ‘স্বাধীন বাংলাদেশ’ কথাটি। ‘সে ছিল সত্যি এক অলৌকিক ব্যাপার!’

জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ও ডায়েরির ছবি যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

ভর্তি পরীক্ষার তারিখ জানাল বুয়েট

২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়। তবে ভর্তি আবেদন শুরুর তারিখ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। গত বছরের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছিল। এবারও লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হতে পারে। ভর্তি-সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে

ভর্তি পরীক্ষার তারিখ জানাল বুয়েট

অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ

অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‎নতুন শিক্ষক পদায়নের জন্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে ‎আজ সোমবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। ‎ববি হাজ্জাজ আরও বলেন, ‘যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাঁদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে।’ চলতি বছর ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream