শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সম্পূর্ণ বিদ্রোহী কবিতা মুখস্ত আবৃত্তি করে তাক লাগিয়ে দিয়েছে ৭ বছরের রেজওয়ান

সম্পূর্ণ বিদ্রোহী কবিতা মুখস্ত আবৃত্তি করে তাক লাগিয়ে দিয়েছে ৭ বছরের রেজওয়ান

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’-এর ১৩৯টি পঙ্‌ক্তি সাবলীলভাবে মুখস্থ আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে সাত বছরের শিশু রেজওয়ান হোসেন। তাক লাগিয়ে দিয়েছে বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি আবদুল হাই শিকদারকে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় জীবনে নজরুলের চর্চা অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় এ অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটে। কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান মঞ্চে উঠে কোনো ধরনের জড়তা ছাড়াই পুরো কবিতাটি আবৃত্তি করে শোনায়। তার আবৃত্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করতালিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।রেজওয়ানের প্রতিভায় মুগ্ধ হয়ে তার এই উপস্থাপনাকে অসাধারণ হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত দেশের বরেণ্য সাংবাদিক ও  সাহিত্যিক এবং দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আবদুল হাই শিকদার। তিনি ও অন্যান্য অতিথিরা রেজওয়ানের অসাধারণ প্রতিভার প্রশংসা করেন। পাশাপাশি শিশুদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগকে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তাঁকে দেওয়া আয়োজকদের বিশেষ সম্মাননা ক্রেস্টটি তিনি রেজওয়ানের হাতে তুলে দেন। একই সঙ্গে দরিদ্র পরিবারের এই মেধাবী শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে তার পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দেন তিনি।জানা গেছে, রেজওয়ানের বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। আর্থিক সংকটের মধ্যেও ছেলের প্রতিভা বিকাশে পরিবার নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, “রেজওয়ান অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। সঠিক সহযোগিতা ও যত্ন পেলে সে ভবিষ্যতে অনেক বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান ও অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন সিথুন, কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, উপজেলা জাসাস'র সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream