যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয় সার্কিট হাউজের মিলনায়তনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি।
চিকিৎসা সামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনা মূল্যে পায় সেই ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।
হিউম্যান এ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, সাংবাদিক আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াই শ’ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসা সেবা দেওয়া হয় ৫০০ শয্যার। বিপুলসংখ্যক ওষুধ ও চিকিৎসা সামগ্রী সংকটেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই চিকিৎসা সামগ্রী পাওয়ার মধ্যে দিয়ে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত হবে।