পর্দার আড়ালে পূজা চেরী, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। সর্বশেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায় বড়পর্দায় দেখা গেছে তাকে। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অবশ্য হয়েছিল অনেক আগেই। এরপর নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া যায়নি। এর মধ্যে তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।তবে এবার ব্যক্তিগত জীবনের আলোচনা পেছনে ফেলে শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন এই অভিনেত্রী। দুর্গাপূজা উপলক্ষে বিনোদন জগতের তারকারাও বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরে উৎসব উদ্যাপন করছেন। সেই আনন্দের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারা।পূজা চেরীও পূজার প্রথম দিন থেকেই বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে যাচ্ছেন। মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করছেন। সপ্তমীর দিন তিনি ঘুরে দেখেছেন বনানীর আলোচিত একটি পূজামণ্ডপ। সেখানকার কিছু মুহূর্তের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতেও মুগ্ধতা ছড়ালেন ‘পোড়ামন ২’খ্যাত অভিনেত্রী পূজা চেরী। লাল পেড়ে সাদা শাড়ি, আর তাতে ছোট ছোট নকশার কাজ। হাতভর্তি চুড়ি, গলায় হালকা গহনা। সাজ হিসেবে সাধারণ হলেও তা দেখতে অসাধারণই লাগছে, যেন পূজার অবয়বে অপূর্ব হয়ে উঠল মুখমণ্ডল, যেন দেবী রূপেই ছুটছেন মন্দিরে মন্দিরে।
সোমবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেসব ছবি দেখে অনুমান করা যায়, অষ্টমীতে তিনি কোনো গ্রামের পূজায় অংশ নিয়েছেন। সেই মণ্ডপটি একটি বাড়ির ভেতরে। মণ্ডপ ছাড়াও সেখানকার একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
এসব ছবির সঙ্গে ক্যাপশনে পূজা চেরী লিখেছেন— ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।' তিনি বলেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’
পূজার এই সাজ পছন্দ করছেন তার ভক্ত-অনুসারীরাও। এক নেটিজেন লিখেছেন—‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।