এল ক্লাসিকোর স্কোয়াডে জায়গা পেলেন ইসরায়েলি ফুটবলার গোরেন
এল ক্লাসিকোর আগে বার্সেলোনার মূল স্কোয়াডে জায়গা পান ইসরায়েলি তরুণ ফুটবলার ওরিয়ান গোরেন। স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর চোটের কারণে দলে ডাক পান তিনি।কোচ হান্সি ফ্লিক গোরেনের ওপর আস্থা রাখেন। ওলমোর পরিবর্তে সুযোগ পান এই প্রতিভাবান তরুণ।স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’ গোরেনের উন্নতির প্রশংসা করেছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে বার্সেলোনার মূল দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ পাননি গোরেন।বার্সেলোনার রিজার্ভ দলের হয়ে এই ইসরায়েলি মিডফিল্ডারের পারফরম্যান্সেরও প্রশংসা করেছে মার্কা। সংবাদ মাধ্যমটি বলছে, ক্লাবের রিজার্ভ দল 'বার্সা আতলেতিক'-এর নিয়মিত ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। মাঠের মাঝমাঠে নিজের ধারাবাহিকতা দিয়ে নজর কেড়েছেন। এল ক্লাসিকোর স্কোয়াডে তার সম্ভাব্য ডাক তার অগ্রগতির যাত্রায় আরেকটি নতুন অধ্যায় যোগ করবে। মাত্র ১৭ বছর বয়সে এমন এক ম্যাচের স্কোয়াডে থাকার দারুণ সুযোগ এসেছে গোরেনের সামনে, যেটিতে খেলার স্বপ্ন সব ফুটবলারই দেখে।
রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আরেক কাতালান ক্রীড়া দৈনিক 'স্পোর্ত'। সেখানে কীভাবে ফ্লিকের আস্থা অর্জন করলেন গোরেন, তা বিশ্লেষণ করা হয়েছে এবং এই তরুণ প্রতিভাকে ঘিরে বাড়তে থাকা আলোচনার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। সবার আশা, এই মাইলফলকটি তার এক উজ্জ্বল ক্যারিয়ারের কেবল শুরু মাত্র।
এর আগে প্রাক-মৌসুমের ম্যাচগুলোতে ফ্লিক তাকে বেশ কিছু সুযোগ দিয়েছিলেন। সেই সময় মূল দলের অনুশীলনেও অন্তর্ভুক্ত করেছিলেন।
ফ্লিক গোরেনের সঙ্গে বেশ পরিচিত। হুয়ান গ্যাম্পার ট্রফি ম্যাচসহ বার্সেলোনার মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে অংশগ্রহণ করেছিলেন গোরেন।
গোরেনের এই সাফল্য অতীতে বার্সেলোনার মূল দলের অংশ হওয়া আরেক ইসরায়েলি খেলোয়াড় গাই আসুলিনের কথা মনে করিয়ে দেয়। আসুলিন কাতালান ক্লাবটির হয়ে কোপা দেল রের ম্যাচগুলোতে খেলেছিলেন।
তবে লা লিগার কোনো ম্যাচে বার্সেলোনার জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি তিনি। বার্সেলোনার স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া আরেক তরুণ খেলোয়াড় হলেন অ্যালেক্স কাম্পোস, যিনি এর আগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন এবং এবারই প্রথম লিগ ম্যাচের স্কোয়াডে ডাক পেলেন।