আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কুরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, কুরবানিকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে।
তিনি জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং জাল নোট প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ইজারাদার ও প্রশাসনের সমন্বয়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

