শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকায় নিজ বাড়ির উঠান থেকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরের এই ঘটনায় নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত জমসের আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ‘দেলোয়ারার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে একা থাকতেন। ঘটনার দিন বেলা ১২ টার দিকে তিনি তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে খেয়ে নিজ বাড়ি ফিরে আসেন।
বাড়িতে আসার পর দুপুর পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিলো। তা দেখে স্থানীয়রা তাকে ডাকতে গেলে বাড়ির উঠানে তাকে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, এক বৃদ্ধাকে তার নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে। সেখানে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
এবিষয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।

