জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মাঝিড়ার বায়তুর রহমান জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলাম।
বক্তব্যে শাহরিয়ার হাসান বিপ্লব বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে অর্জিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার দাবি, এই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জুলাই সনদ কার্যকর করা প্রয়োজন। তিনি সরকারকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া নতুন রাজনৈতিক ও সামাজিক কাঠামো গঠন সম্ভব নয়। এ বিষয়ে দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি।
সমাবেশে সংগঠনের সাবেক নেতৃবৃন্দসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে শাজাহানপুর, শেরপুর, ধুনট, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
মতামত