বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, অব্যবস্থাপনা এবং আমদানিনির্ভর গ্যাস ব্যবস্থার ফল। তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করা এবং নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে জনগণের সহযোগিতা ও কিছুটা সময় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (৫ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তিনি আরও জানান, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণদের শক্তিকে ইতিবাচক সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ১৪টি শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং সিভিল সার্জন নাসির উদ্দিন।
মতামত