তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় কালেমা খচিত সাদা পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এ আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাস ও ইসলামী চেতনা আরও জাগ্রত হবে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ‘সদরপুর সর্বস্তরের মুসলিম জনতা’ ব্যানারে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রাও আটরশি দরবার শরীফ মোড় এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে বিভিন্ন বয়সী প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। তাদের হাতে কালেমা খচিত সাদা পতাকা এবং বিভিন্ন ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়।
সমাবেশে উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা আমির হোসেন বলেন, “দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। কোনোভাবেই এ ধরনের অবমাননা মেনে নেওয়া হবে না।”
কর্মসূচির আয়োজক মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ফরিদী বলেন, “এই আয়োজনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। মানুষের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং কালেমার গুরুত্ব তুলে ধরাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষের ধর্মীয় বিশ্বাসকে আরও উজ্জীবিত করবে।”

