স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মীর শাহে আলম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

