সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়ায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচটি পরিবারের হাতে ছাগল তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ড. আশরাফ উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন এস এম আলামিন ফয়েজী। প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, “ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত। পবিত্র আল-কোরআনে বহুবার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। তাই জাকাত আদায়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
তিনি বলেন, “আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই। ইসলামের কথা বলার কারণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কেও নানা কটূক্তি সহ্য করতে হয়েছে। যারা আমাকে সমালোচনা করে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা যত বেশি গালাগালি করবে, আমরা তত বেশি রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণের চেষ্টা করব।”
তিনি আরও বলেন, অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়াই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নয়নের পাশাপাশি সমাজ থেকে অন্যায় দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান উল্লেখ করে এমপি বলেন, তিনি সংসদ সদস্য হওয়ার আগেও প্রতিষ্ঠানটি বাউফলে জাকাত কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে আদাবাড়িয়া থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

