নেত্রকোণা প্রতিনিধি:
হাওরের মৎস্যসম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, “হাওরের মাছের জন্য যা যা প্রয়োজন, সবই করা হবে। তবে আমাদের কিছু সময় দিতে হবে।
মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে, আইন মেনে চলতে হবে।”
শুক্রবার দুপুরে নেত্রকোণার মদন উপজেলা খেলার মাঠে হাওরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “হাওরে ১৬ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দয়া করে কেউ সামান্য লাভের আশায় ভবিষ্যতের সম্পদ নষ্ট করবেন না। তিন টাকার আশায় তিনশ টাকার মাছ নষ্ট করা থেকে বিরত থাকুন। মাছ বাঁচলে হাওর বাঁচবে, জেলেদের জীবন-জীবিকাও সমৃদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “আপনাদের কোনো কিছু চাইতে হবে না। এলাকার রাস্তা-ঘাটসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ পর্যায়ক্রমে করা হবে। এ এলাকার মাটি ও মানুষের নেতা লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। তিনি এলাকার উন্নয়নের লক্ষ্যেই আমাদের এখানে নিয়ে এসেছেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “হাওরে ব্যাপকভাবে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। জেলেরা যদি চার মাস মাছ ধরা থেকে বিরত থাকেন, তাহলে আগামী দিনে মাছের উৎপাদন অনেক বেড়ে যাবে এবং এ অঞ্চলের মানুষের অভাব-অনটন দূর হবে।”
তিনি বলেন, “আমি যতবার কারাগারে গিয়েছি, ততবারই বড় ভাই লুৎফুজ্জামান বাবর আমাদের পাশে ছিলেন।
আজ তাঁর এলাকায় এসেছি। আমার পূর্বপুরুষেরও এই এলাকায় বসবাস ছিল। এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, আমি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর হাওরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

