অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রগামী কোয়ান্টাস এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণ এবং কেবিন ক্রুকে কামড় দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৫ মে) মেলবোর্ন থেকে ডালাসগামী কোয়ান্টাসের কিউএফ২১ ফ্লাইটটি প্রায় সাত ঘণ্টা উড্ডয়নের পর যাত্রীর সহিংস আচরণের কারণে ফ্রেঞ্চ পলিনেশিয়ার পাপেতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীকে কোয়ান্টাস ও এর সহযোগী এয়ারলাইন জেটস্টারের সব ফ্লাইটে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের সময় ওই যাত্রী এক কেবিন ক্রুর ওপর হামলা চালান। পরে অন্যান্য যাত্রী ও ক্রুরা তাকে নিয়ন্ত্রণে আনেন। অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ বিমানটি ঘিরে ফেলে এবং তাকে ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করার পর বিমানটি পুনরায় ডালাসের উদ্দেশ্যে যাত্রা করে এবং পরদিন গন্তব্যে পৌঁছায়।
কোয়ান্টাস জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ফ্লাইটে কোনো ধরনের সহিংস বা হুমকিমূলক আচরণের ক্ষেত্রে তারা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন ফ্লাইটে যাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণের ঘটনা বেড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

