সত্যজিৎ দাস, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (২২ জুলাই) রাতে সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের সমাধি টিলা এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অজিত পাত্রের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা অজিত পাত্র স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন,পুলিশের সিডিএমএসে (CDMS) যাচাই করে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান,জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনা ও মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে জেলা গোয়েন্দা শাখার অভিযান ধারাবাহিকভাবে চলবে।

