বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি-৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। এতে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং যাত্রীদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। এ সময় জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হজযাত্রীরা জানান, যাত্রার শুরু থেকেই পুরো ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক। ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
এবার হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইন্স কাজ করছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট পরিচালিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

