স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে বাহিনীর জনবল কাঠামো আরও সম্প্রসারিত হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭ এবং আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।
নতুন সৃষ্ট পদের মধ্যে থাকবে:
এএসপি ৫০০টি, এসআই (নিরস্ত্র) ৪ হাজারটি এবং কনস্টেবল ১০ হাজারটি।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, দেশে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে।
একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে দায়ের হওয়া মামলাগুলো দ্রুত তদন্ত ও বিচারের আওতায় আনার কাজ চলছে।

