জাপানের নাগোয়া শহরের নাকা ওয়ার্ডে একটি ১২তলা আবাসিক ভবন থেকে এক যুবক নিচে পড়ে ফুটপাত দিয়ে হাঁটতে থাকা এক তরুণীর ওপর আছড়ে পড়েন। এ মর্মান্তিক ঘটনায় তরুণী নিহত হয়েছেন। অন্যদিকে, ভবন থেকে পড়ে যাওয়া যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। জাপানের স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত তরুণীর বয়স প্রায় ২০ বছর। তিনি ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে পড়ে আসা যুবকের আঘাতে গুরুতর আহত হন।
ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী জরুরি সেবায় ফোন করে জানান, একজন ব্যক্তি ভবনের ওপর থেকে পড়ে একজন পথচারীকে আঘাত করেছেন। পরে দ্রুত উদ্ধার করে দুজনকেই হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা তরুণীকে বাঁচানোর চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর তিনি মারা যান। অপরদিকে, ভবন থেকে পড়ে যাওয়া যুবক অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। একই সঙ্গে যুবকটি দুর্ঘটনাবশত নিচে পড়ে গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে স্থানীয় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

