ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গ এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়ার পর তাদের হেফাজতে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
এর একদিন আগে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার পর মঙ্গলবারও শত শত শিক্ষার্থী ও তাদের সমর্থক দিল্লির জন্তর মন্তরে সমবেত হন। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের কঠোর পদক্ষেপ তাদের আন্দোলন দমাতে পারেনি; বরং তারা আরও দৃঢ় সংকল্প নিয়ে কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের চিকিৎসা নিয়েও নতুন নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত তাকে তার পছন্দের বেসরকারি হাসপাতাল—মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে।
ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। এর আগে নিম্ন আদালত তাকে সাফদারজং হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট নতুন আদেশ দেন।

