দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ক্যাপসুল জব্দ করেছে র্যাব-১৩।এ ঘটনায় কুরিয়ার সার্ভিসটির ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দিনাজপুর র্যাব-১৩ সহকারী পুলিশ সুপার নাজমুল নিশাত নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ ও তিনজনের আটকের সংবাদটি নিশ্চিত করেন।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর পৌরসভার সরদারপাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার গোডাউনে অভিযান চালায়। এ সময় গোডাউন তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়।
এ ঘটনায় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। পরে গ্রেপ্তার তিনজনকে জব্দ করা আলামতসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান দিনাজপুর র্যাব- ১৩ এর জব্দকৃত মালামাল ও আটক তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। র্যাবের জব্দকৃত মালামাল আলামত স্বরূপ আদালতে প্রেরণ করা হয়েছে।

