সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজারের প্রকল্প সমন্বয়কারী সৌরভ রায়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ডব্লিউএফপি (WFP) সিলেট অফিসের ফিল্ড অফিস প্রধান মো. মামুনুর রশিদ।
এছাড়া বক্তব্য রাখেন; মৌলভীবাজার খামার বাড়ি অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নমোহাম্মদ ছাদু মিয়া,প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহসহ আরও অনেকে।
কর্মশালায় দুর্যোগ ঝুঁকি কমাতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন,বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি,জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস করা অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,দুর্যোগ মোকাবেলায় সরকারি দপ্তর,উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় পর্যায়ে বাস্তবসম্মত ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

