নতুন বাংলা বছর ১৪৩৩-এর পহেলা বৈশাখ উপলক্ষে চাষিদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় কৃষকদের হাতে কার্ড ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিতরণ করা চারা যত্ন করে রোপণ করতে হবে। তিনি হাস্যরস করে আরও বলেন, যাদের দেওয়া আম ও জাম গাছ থেকে ফল হবে, সেগুলো তাকে পাঠাতে হবে বলেও তিনি প্রত্যাশা জানান।
তিনি জানান, দেশের বড় একটি অংশ কৃষির সঙ্গে সরাসরি জড়িত এবং এটি জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। প্রথম ধাপে ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষক কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি যেসব কৃষকের স্বল্প পরিমাণ কৃষিঋণ ছিল, তা ইতোমধ্যে একাধিক পর্যায়ে মওকুফ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি জানান, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষি-নির্ভর অঞ্চলে শিল্প স্থাপনের মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রথম ধাপে কয়েকজন কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়।

