প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়ার পর নতুন এক দাবি করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, আটক করার সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য ব্যক্তিগতভাবে তার কানে ফিসফিস করে বলেছিলেন, ‘এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দিন।’
বুধবার (২২ জুলাই) নিজের আটক হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে এ মন্তব্য করেন কংগ্রেস নেতা।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের উদ্দেশে পদযাত্রা করেন রাহুল গান্ধী। কর্মসূচি চলাকালে দিল্লি পুলিশ তাকে আটক করে একটি বাসে নিয়ে যায়।
আটকের পরদিন রাহুল দাবি করেন, ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্য প্রকাশ্যে নয়, ব্যক্তিগতভাবে তার কানে ওই মন্তব্য করেছিলেন।
এ সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। রাহুলের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। ‘ককরোচ জনতা পার্টি’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরাও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
রাহুল গান্ধীর দাবি, গত ১২ বছরে ভারতে অন্তত ১৫২ বার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিন্তু এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর বিচার হয়নি।
তিনি আরও বলেন, গত এক যুগে গড়ে প্রতি মাসে অন্তত একটি করে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য, এসব পরিবারের বেশিরভাগই মধ্যবিত্ত, যারা সন্তানদের পরীক্ষার প্রস্তুতির জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় ব্যয় করেছেন।
তবে প্রশ্নফাঁসের সংখ্যা, ক্ষতিগ্রস্তের পরিমাণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে রাহুল গান্ধীর এসব বক্তব্য তার নিজস্ব দাবি।

