মধ্যপ্রাচ্যে নতুন করে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইরানকে একটি সম্ভাব্য শান্তি চুক্তিতে আনতে চাপ বাড়ানোর অংশ হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, প্রায় ৬ হাজার সেনা নিয়ে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও কয়েকটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। পাশাপাশি আরও প্রায় ৪ হাজার ২০০ সেনা পরবর্তীতে যুক্ত হতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই মোতায়েনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী ২২ এপ্রিল ইরানে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য অভিযানের অংশ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করা, উপকূলীয় এলাকায় মেরিন সেনা মোতায়েন এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার মতো পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

