ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে না। এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, অতীত বা বর্তমান কোনো আলোচনাতেই সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠানোর বিষয়টি ওঠেনি। ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে দেশীয় সম্পদ এবং এটি দেশের ভেতরেই সংরক্ষিত থাকবে।
বাঘাই আরও দাবি করেন, পারমাণবিক কর্মসূচি ইরানের নিজস্ব বৈজ্ঞানিক অর্জন, যা দেশের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
তিনি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাবও প্রত্যাখ্যান করে বলেন, জাতীয় সম্পদের মতোই পারমাণবিক সক্ষমতাকে গুরুত্ব দেওয়া উচিত এবং ইরান ভবিষ্যতেও এটি বজায় রাখবে।

