নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত প্রায় পৌনে ১টার দিকে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত আলবার খান সামি (২২) শহরের চকপাড়া এলাকার চঞ্চল খানের ছেলে। দুর্ঘটনায় নিহত সামি নেত্রকোণা -২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি। সে আইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জেলা রেডক্রিসেন্ট কমিটির সাবেক সদস্য ছিলেন।
নেত্রকোণা সদর থানার ওসি আল মামুন সরকার জানান, রাতে শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সামি। হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে ঘটনাস্থলেই মারা যান তিনি। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করি । পরে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে ।

