নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে মঞ্চ ও প্যান্ডেলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
শুক্রবার সন্ধ্যা ও শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ চলাকালে একদল দুর্বৃত্ত দুই দফায় সেখানে হামলা চালায় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে প্যান্ডেল খুলে ফেলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে ফের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তাদের দাবি, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি পরিকল্পিত অপপ্রচার।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

