আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে নারীসহ দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একজন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে অপরজন আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারা হলো উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রিমি আক্তার ও মনিয়ন্দ ইউনিয়নের উত্তর টনকি এলাকার মাফুজ মিয়া। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের জাহিদ একজন মাদকাসক্ত। বিয়ের পর থেকে সে প্রায় সময় স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করতো। কোন কোন সময় স্ত্রীর উপর হাত তোলত। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সবার অজান্তে মঙ্গলবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ইউপি সদস্য কাজী ইউসুফ মিয়া বলেন লোকজনের মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুর মরদেহ দেখতে পাই। যতটুকু জেনেছি সে একজন মাদক সেবি ছিল। একারণেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
অপর দিকে মনিয়ন্দ ইউনিয়নের টনকি এলাকার মাফুজ মিয়া কয়েক মাস আগে ব্রেইন স্ট্রোক করে। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন । সোমবার সন্ধ্যায় সবাই অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ি সংলগ্ন দীঘিরপাড় আমগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: জাবেদ উল ইসলাম বলেন, পৃথক দুই স্থান থেকে এক নারীসহ দুটি মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত কারণ জানা যাবে।

