উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ১০ হাজার টন ওজনের নতুন যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পানির নিচে পরিচালিত উন্নত অস্ত্র ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (৬ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোদং সিনমুনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার একটি নৌবাহিনীর পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শনের সময় কিম এসব নির্দেশনা দেন।
নৌবাহিনীর সক্ষমতা মূল্যায়নের অংশ হিসেবে কিম ৫ হাজার টনের ডেস্ট্রয়ার *কাং কন* এবং আরেকটি যুদ্ধজাহাজ *চো হিয়ন*-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থল, নৌ ও আকাশ—সবক্ষেত্রে সামরিক শক্তি আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
কিম বলেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে এবং পারমাণবিক প্রতিরোধ শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ করে নৌবাহিনীর আধুনিকায়নকে তিনি অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন।
প্রতিবেদনে প্রকাশিত ছবিতে কিমের মেয়েকেও তার সঙ্গে দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, ১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনা এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সফরের আগে এ ঘোষণা উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

