তৌহিদুর রহমান ঝিনাইগাতী প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক । শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি পর্যটন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, গজনী পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক পর্যটন কেন্দ্র প্রাঙ্গণে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব উল্লেখ করে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) , ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা , সহকারী কমিশনার (ভূমি) সহ শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা প্রশাসকের এ পরিদর্শনকে কেন্দ্র করে গজনী পর্যটন কেন্দ্রের পরিবেশ সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং পর্যটকসেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

