মাটির গুণগত বৈশিষ্ট্য ও স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের মাটির ধরন ও পরিবেশ এক নয়। তাই এলাকাভেদে উপযোগী গাছ নির্বাচন করে রোপণ করতে হবে। এতে গাছের টিকে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষাও সহজ হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঋতুচক্রেও পরিবর্তন এসেছে। আগে জুন মাসে নিয়মিত বৃষ্টি হলেও এখন সেই ধারাবাহিকতা কমে গেছে। বনভূমি ও গাছপালা কমে যাওয়াও এর একটি বড় কারণ।
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ জরুরি।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৪ জুন কক্সবাজারের ডুলাহাজারা এলাকায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

