রাজশাহী মহানগরীতে বিদ্যুতের খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাসা থেকে ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সাজ্জাদ (১৫)। তিনি রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার মো. সাজুর ছেলে। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, ঘুঘুর ছানা আনতে বিদ্যুতের খুঁটিতে উঠলে হঠাৎ বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সাজ্জাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি খুঁটির সঙ্গে আটকে পড়েন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সহায়তায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

